সিঙ্গাপুর: দেড় মাস আগেও ভারতীয় ফুটবলের চিত্রটা ছিল পুরোপুরি ভিন্ন। ২০২৩ সালের নভেম্বর মাসের পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ জিততে ব্যর্থ ব্লু টাইগার্স। ইগর স্টিমাচের পর মানোলো মার্কুয়েজের আমলেও চিত্রটা একই রয়ে যায়। তবে খালিদ জামিলের হাত ধরে কাফা নেশনস কাপে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেন সন্দেশ-গুরপ্রীতরা। টুর্নামেন্টে তৃতীয় স্থানে শেষ করার পাশাপাশি তাজিকিস্তান, ওমানের মতো দলকে বশ মানান তাঁরা। আর এই পারফরম্যান্সের পরই এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে মাঠে নামার আগে খালিদ ব্রিগেডকে নিয়ে প্রত্যাশা বাড়ছে। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর। চারদিনে বাদে গোয়ায় ফের মুখোমুখি হবে দু’দল। ২০২৭ এশিয়ান কাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করতে এই দু’টি ম্যাচ থেকে পয়েন্ট পেতেই হবে সুনীলদের। তাই জয় ছাড়া অন্য কোনও ভাবনা নেই কোচ খালিদ জামিলের।
২০২২ সালে শেষবার একে অপরের মুখোমুখি হয়েছিল দু’দল। সেবার শুরুতে পিছিয়ে পড়েও আশিক কুরুনিয়ানের গোলে হার বাঁচায় ভারত। আর সিঙ্গাপুরের মাটিতে শেষ সাক্ষাতে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল তারা। তবে গত কয়েক বছরে সিঙ্গাপুর দলে অনেকটাই পরিবর্তন ঘটেছে। তাই বৃহস্পতিবার মাঠে নামার আগে প্রতিপক্ষ সম্পর্ক স্বচ্ছ ধারণা নিতে পুরনো ভিডিওই ভরসা খালিদ-ব্রিগেডের। ভারতীয় কোচের কথায়, ‘সিঙ্গাপুর যথেষ্ট ভালো দল। ওদের কোচও অভিজ্ঞ। তবে আমাদের নির্দিষ্ট পরিকল্পনামাফিক এগতে হবে। এশিয়ান কাপের মূল পর্বের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে আসন্ন দু’টি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত মাসে কাফা নেশনস কাপে দল দারুণ ফুটবল মেলে ধরেছে। সেই ছন্দই ধরে রাখতে হবে।’
অ্যাওয়ে ম্যাচ খেলতে সোমবার সিঙ্গাপুরে পা রাখে ভারত। মঙ্গলবার স্থানীয় এক মাঠে প্রস্তুতি সারলেও, বুধবার মূল স্টেডিয়ামে চূড়ান্ত মহড়া সারেন গুরপ্রীতরা। গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির কারণে সিঙ্গাপুরের তাপমাত্রা অনেকটাই নেমেছে। রাতের দিকে ঠান্ডা হওয়া বইছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় খেলা। তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না।
সিঙ্গাপুর দলে বেশ কিছু তরুণ ফুটবলার ক্লাব স্তরে দারুণ ছন্দে রয়েছেন। এছাড়া চোট সারিয়ে ফিরছেন অধিনায়ক হ্যারিস হারুন। আপফ্রন্টে তাদের অন্যতম ভরসা ইখসান ফান্দি। তাই ভারতীয় ডিফেন্ডারদের বেশ সতর্ক থাকতে হবে।
ভারতীয় সময় ম্যাচ শুরু বিকাল পাঁচটায়। সম্প্রচার ফ্যানকোড অ্যাপে।