Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই, রোহিত-বিরাটে উজ্জীবিত ভারত

প্রতীক্ষার অবসান। সাত মাস পর অবশেষে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে নামছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই, রোহিত-বিরাটে উজ্জীবিত ভারত
  • ১৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পারথ: প্রতীক্ষার অবসান। সাত মাস পর অবশেষে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে নামছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অধীর আগ্রহে সেজন্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার সিরিজের প্রথম একদিনের ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। ‘রো-কো’ জুটি নিয়ে উন্মাদনায় রীতিমতো ফুটছে পারথ।

Advertisement

অবশ্য তিরতিরে আশঙ্কাও সঙ্গী হচ্ছে। ২০২৭ ওডিআই বিশ্বকাপে কি দেখা যাবে দুই মহারথীকে? রান না পেলে যদিও ডনের দেশে এই সিরিজটাই তাঁদের বিদায়ী হয়ে উঠতে পারে। অন্তত তেমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাৎপর্যের হল, এদেশের মাটিতেই শেষ টেস্ট খেলেছেন দু’জনে। সেজন্যই উদ্বেগ, পঞ্চাশ ওভারের ফরম্যাটেও তার পুনরাবৃত্তি হবে না তো? নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর দুই মহারথীর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশাই রেখেছেন। বলেছেন, দু’বছর পরের কাপযুদ্ধের জন্য মোটেই নিশ্চিত নন তাঁরা।
এই আবহেই পারথে নামছেন দুই নক্ষত্র। পরিষ্কার, মারাত্মক চাপ থাকছে তাঁদের উপর। তবে আপাতদৃষ্টিতে ফুরফুরেই দেখিয়েছে। রোহিত বেশ কয়েক কেজি ওজন কমিয়েছেন। আর বিরাট যথারীতি প্রাণচঞ্চল। তাঁদের উপস্থিতিতে উজ্জীবিত দেখিয়েছে টিম ইন্ডিয়াকে। গত সাত মাসে অবশ্য আমূল বদলেছে ভারতীয় ক্রিকেট। কুড়ি ওভারের ঘরানা তো বটেই, টেস্টেও দুই মহারথীর অনুপস্থিতিকে মানিয়ে নিয়েছেন সমর্থকরা। পাঁচদিনের ঘরানায় অধিনায়ক শুভমান গিল জিতেছেন মন। এবার ওয়ান ডে ক্রিকেটেও রোহিতের জুতোয় পা গলিয়েছেন তিনি। এই ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে পারথেই অভিষেক হচ্ছে তাঁর। তাৎপর্যের হল, দুই প্রাক্তন অধিনায়ক রোহিত ও কোহলিকে নিয়েই আপাতত সংসার চালাতে হবে গিলকে। এমন চ্যালেঞ্জের মুখে কিন্তু তিনি আগে পড়েননি। 
স্বয়ং গিল অবশ্য সম্পর্কে চোরাস্রোতের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। যা আভাস, তাতে অপ্টাস স্টেডিয়ামে রোহিতের সঙ্গে শুরুতে তিনিই নামবেন। তিনে বিরাট। এরপর শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, নীতীশ রেড্ডি। ব্যাটিং গভীরতা বাড়াতে আটে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে। অন্যথায়, কুলদীপ যাদব দলে আসবেন। তিন পেসার সম্ভবত মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। মিচেল মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বড় শক্তি দুই বর্ষীয়ান পেসার মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড। তাঁদের সঙ্গে রোহিতের ডুয়েল উপভোগ্য হতে বাধ্য। ব্যাটিংয়ে অবশ্য অনভিজ্ঞতা স্পষ্ট। ওপেনিংয়ে ট্রাভিস হেড, মিডল অর্ডারে মার্নাস লাবুশানে থাকলেও অভিষেক হবে ম্যাট রেনশ ও মিচ ওয়েনের। তুলনায় ভারতীয় দলে অভিজ্ঞতা বেশি। 
ম্যাচ শুরু সকাল ৯টায়।
সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ