Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ, ঈশানের চোট নিয়ে সংশয়ে ভারত

সঞ্জু স্যামসন নাকি বৈভব সূর্যবংশী? কোটলায় আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে অভিযান শুরুর আগে এই প্রশ্নেই সরগরম ক্রিকেটমহল।

আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ, ঈশানের চোট নিয়ে সংশয়ে ভারত
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সঞ্জু স্যামসন নাকি বৈভব সূর্যবংশী? কোটলায় আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে অভিযান শুরুর আগে এই প্রশ্নেই সরগরম ক্রিকেটমহল। এই বছরেই ভারতকে কুড়ি ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন সঞ্জু। কিন্তু জুলাইয়ে ইংল্যান্ডে সেই তাঁকেই জায়গা ছাড়তে হয়েছিল বৈভবের জন্য। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সুখের হয়নি ১৫ বছর বয়সিরও। তিনটি ম্যাচের পর বিলেতে সিরিজের শেষ ম্যাচে ডাগ আউটে রেখে মাঠে নামে দল। পরিবর্তে খেলেন সঞ্জু। এরপর জিম্বাবোয়েতে টি-২০ সিরিজের তিন ম্যাচেই খেলে বৈভব। বিস্ময় কিশোর সেখানে শেষ ম্যাচে ঝোড়ো ৮১ করে। সঞ্জু অবশ্য সেই সিরিজে স্কোয়াডেই ছিলেন না। আফগানদের বিরুদ্ধে দু’জনেই স্কোয়াডে থাকায় জল্পনাও চরমে। অন্য ওপেনার হিসাবে অভিষেক শর্মার জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই। দ্বিতীয় ওপেনার কে, তা নিয়েই মাথাব্যথা টিম ম্যানেজমেন্টের।

Advertisement

শুক্রবার অনুশীলনে যদিও বৈভবকে একেবারেই স্বচ্ছন্দ দেখায়নি। যশপ্রীত বুমরাহর সামনে তাঁকে অসহায় দেখায়। তবে ইব্রাহিম জাদরান ব্রিগেডে ‘বুমবুম’এর মানের পেসার নেই। ফজলহক ফারুকি, নবীন-উল-হক, গুলবাদিন নাইব, আজমাতুল্লাহ ওমারজাইদের পেস বৈভবের শট খেলার পক্ষে সহায়ক।
এদিকে, ঈশান কিষানের চোট টিম ম্যানেজমেন্টের সমস্যা আপাতত সমাধান করতে পারে। শুক্রবার নেটের সময় শর্টপিচ ডেলিভারিতে পিঠে চোট পান ঈশান। রবিবার তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। দলীপের ফাইনালে যেভাবে দুই ইনিংসে তিনি যথাক্রমে ২৭০ ও ৮০ রান করেছেন, তাতে খেলতে না পারলে ওজন কমবে ব্যাটিং বিভাগে। তবে সেক্ষেত্রে সঞ্জু বা বৈভক, কাউকেই বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হবে না। 
ভারতের বোলিংয়ের সেরা অস্ত্র অবশ্যই বুমরাহ। চোট সারিয়ে ফিরছেন তিনি। অনুশীলনে রীতিমতো টগবগে দেখিয়েছে তাঁকে। নতুন বলে বুমরাহর সঙ্গী অর্শদীপ সিং। অলরাউন্ডার নীতীশ রেড্ডিও বল করতে পারেন। স্পিন বিভাগে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর থাকছেন। তৃতীয় স্পিনার হিসাবে দলে আসতে পারেন বরুণ চক্রবর্তী। আফগানদের স্কোয়াডেও বিশ্বমানের স্পিনারের ছড়াছড়ি। রশিদ খান, নূর আহমেদ, মুজিব উর রহমানরা চাপে ফেলার চেষ্টা করবেন শ্রেয়স ব্রিগেডকে।
 খেলা শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার সোনি নেটওয়ার্কে।

Advertisement
সম্পর্কিত সংবাদ