Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন স্টোকস, চাপে ইংল্যান্ড, সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত

সিরিজের নির্ণায়ক টেস্টে বেন স্টোকসের ছিটকে যাওয়া ইংল্যান্ডের কাছে যতটা বড় ধাক্কা, ভারতের কাছে ততটাই স্বস্তির। সত্যি বলতে কী, দুই দলের মধ্যে বড় ফারাক গড়ে দিয়েছিলেন অলরাউন্ডার স্টোকস।

ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন স্টোকস, চাপে ইংল্যান্ড, সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: সিরিজের নির্ণায়ক টেস্টে বেন স্টোকসের ছিটকে যাওয়া ইংল্যান্ডের কাছে যতটা বড় ধাক্কা, ভারতের কাছে ততটাই স্বস্তির। সত্যি বলতে কী, দুই দলের মধ্যে বড় ফারাক গড়ে দিয়েছিলেন অলরাউন্ডার স্টোকস। ব্যাটের চেয়েও বল হাতে অনেক বেশি ছাপ ফেলেছেন তিনি। ইংল্যান্ডের হতশ্রী বোলিংয়ে ব্যতিক্রমী ছিলেন ক্যাপ্টেন। চার ম্যাচে একাই নিয়েছেন ১৭টি উইকেট। সতীর্থদের ব্যর্থতা ঢাকতে গিয়ে নাগাড়ে হাত ঘুরিয়ে বিপাকে পড়েছেন তিনি। ক্লান্তির সঙ্গে কাঁধে চিড়— সাঁড়াশি আক্রমণে কাবু স্টোকস। বুধবার সাংবাদিক সম্মেলনে নিজেই জানিয়ে দেন, ‘ডান কাঁধের হাড়ে চিড় ধরেছে। এই অবস্থায় খেলাটা বেশ ঝুঁকির। আপাতত রিহ্যাব করব। শীতের মরশুমে ফেরাই লক্ষ্য।’ স্টোকসের অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ। মোট চারটি পরিবর্তন হচ্ছে ইংল্যান্ড দলে। অ্যাটকিনসন, জস টং এবং ওভারটনের সঙ্গে খেলানো হবে জ্যাকব বেথেলকে। এই ঘটনাপ্রবাহে পঞ্চম টেস্টের সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। যতই ইংল্যান্ড সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাক, স্টোকস-আর্চারের অনুপস্থিতি গিল বাহিনীর পক্ষে যথেষ্টই স্বস্তির। সঙ্গে ম্যাঞ্চেস্টারে জাদেজা, সুন্দরদের চোয়ালচাপা লড়াই ভারতীয় দলকে উজ্জীবিত করছে।

Advertisement

চলতি সিরিজে ভারতের পারফরম্যান্সে ফুটে উঠেছে বেশকিছু ইতিবাচক দিক। তাতে কোহলি, রোহিতের অনুপস্থিতি টের পাওয়াই যায়নি। তবে আসল পরীক্ষা ওভালে। প্রবল চাপ নিয়ে সেরা পারফরম্যান্স মেলে ধরার চ্যালেঞ্জ। চোটের কারণে নেই ঋষভ পন্থ। অনিশ্চিত বুমরাহ। দুই তারকার অভাব কি ঢাকতে পারবে গিল বাহিনী? আশা করাই যায়। এজবাস্টনে বুমরাহকে ছাড়াই ভারত জিতছিল। ম্যাঞ্চেস্টারে ঋষভকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয়নি। তাই হা-হুতাশ না করে সামনের দিকে তাকানো উচিত রাহুলদের। বিশ্বাস রাখা উচিত, এই ইংল্যান্ডকে ফের হারানো সম্ভব।
তবে এই টেস্ট ড্র হলে সিরিজ জিতবে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড। ওভালের আকাশে কালো মেঘ সেই কারণেই গিলদের চিন্তা বাড়াচ্ছে। তাই টস গুরুত্বপূর্ণ হতে পারে। বুধবার অনুশীলনে কোচ গম্ভীর এবং ক্যাপ্টেন গিলকে দেখা গেল হুমড়ি খেয়ে পিচ দেখছেন। হাল্কা ঘাস রয়েছে। পেসারদের সুবিধা পাওয়ার কথা। তবে শেষ মুহূর্তে কিউরেটর যদি ঘাস ছেঁটে দেন, তাহলে কুলদীপ যাদবকে খেলানো হতে পারে। তবে ওভালের কিউরেটরের সঙ্গে গম্ভীরের তর্কবিতর্কে পর পিচ নিয়ে খুব বেশি প্রত্যাশা না করাই ভালো। ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়ার প্রয়াস থাকবেই। 
ভারতীয় দলেও বেশকিছু পরিবর্তন প্রত্যাশিত। ঋষভের জায়গায় খেলবেন ধ্রুব জুরেল। অভিষেকে সাড়া ফেলতে না পারায় বাদ পড়ার সম্ভাবনা কম্বোজের। তাঁর জায়গায় খেলতে পারেন আকাশদীপ। আবার বুমরাহ না খেললে বাঁ হাতি অর্শদীপের অভিষেক হতে পারে। কুলদীপকে নিয়ে ধোঁয়াশা অব্যাহত। তিনি খেললে বসানো হবে শার্দূলকে। 
টেস্ট জেতার জন্য যেমন ২০টা উইকেট প্রয়োজন, তেমনি বোর্ডে দরকার বড় রানও। তাই দায়িত্বশীল হওয়া উচিত ওপেনার যশস্বী জয়সওয়ালের। ভারতের টপ অর্ডার ব্যাটিংয়ে ভরসা জোগাচ্ছেন লোকেশ রাহুল। তিন নম্বর পজিশনে এখনও সমাধান সূত্র মেলেনি। সুর্দশন কিংবা করুণ নায়ারের মধ্যে একজন খেলবেন। তবে ক্যাপ্টেন গিল দুরন্ত ফর্মে। ম্যাঞ্চেস্টারে হাঁকিয়েছিলেন লড়াকু সেঞ্চুরি। আর ১১ রান করলে ভারত অধিনায়ক হিসেবে একটি সিরিজে সর্বাধিক রানে তিনি পিছনে ফেলবেন গাভাসকরকে (৭৩২)। মিডল অর্ডারে জুরেলের সঙ্গে জাদেজা ও সুন্দর টিম ইন্ডিয়ার বড় ভরসা। 
 ওভালে ম্যাচ শুরু বিকেল ৩-৩০ মিনিটে। সোনি স্পোর্টস ও জিওহটস্টারে সম্প্রচার।

Advertisement
সম্পর্কিত সংবাদ