Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হকিতে মালয়েশিয়াকে চূর্ণ করল ভারত

সুপার ফোরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে আটকে গিয়েছিল ভারত। তবে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন হরমনপ্রীত সিংদের।

হকিতে মালয়েশিয়াকে চূর্ণ করল ভারত
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাজগির: সুপার ফোরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে আটকে গিয়েছিল ভারত। তবে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন হরমনপ্রীত সিংদের। রাজগিরে শুরুতে পিছিয়ে পড়েও শক্তিশালী মালয়েশিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিল ক্রেগ ফুলটনের দল। ম্যাচের সেরা মনপ্রীত সিং। এছাড়া ভারতের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন যথাক্রমে সুখজিত্ সিং, শিলানন্দ লাকরা ও বিবেক প্রসাদ। বলাই বাহুল্য, এশিয়া কাপ হকির সুপার ফোরের দুই ম্যাচে ড্র ও জয়ের পর ফাইনালে পথে এক পা বাড়িয়ে রাখলেন হরমনপ্রীত-মনপ্রীতরা।

Advertisement

চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। তবে পুলের ম্যাচে সেরা ছন্দে দেখা যায়নি হরমনপ্রীতদের। সুপার ফোরের প্রথম ম্যাচেও একাধিক সুযোগ নষ্ট করে পয়েন্ট খোয়ান অভিষেকরা। তবে বৃহস্পতিবার সেরা ছন্দে দেখা গেল ফুলটন-ব্রিগেডকে। শেষ তিনটি কোয়ার্টারে একচেটিয়া দাপট দেখান তাঁরা। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে আরও বড় ব্যবধানে জিততে পারত টিম ইন্ডিয়া। অবশ্য এবার এশিয়া কাপে মালয়েশিয়াও দুরন্ত ছন্দে ছিল। পুল পর্বের সবক’টি ম্যাচ জিতেছিল তারা। এমনকি সুপার ফোরের প্রথম ম্যাচেও চীনকে ২-০ ব্যবধানে হারিয়েছিল মালয়েশিয়া। এদিনও শুরুর দিকে সেই ছন্দ ধরে রেখেছিল তারা। দ্বিতীয় মিনিটেই লিড নেয় তারা। একক নৈপুণ্যে ভারতীয় ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল শফিক হাসানের (১-০)। প্রথম কোয়ার্টারে মালয়েশিয়ারই দাপট ছিল। তবে দ্বিতীয় কোয়ার্টারে দুরন্ত প্রত্যাবর্তন ভারতের। এই পর্বে ব্যাক টু ব্যাক পাঁচটি পেনাল্টি কর্নার আদায় করে ফুলটন-ব্রিগেড। তার ১৭ মিনিটে পঞ্চম পেনাল্টি কর্নারে শট প্রাথমিকভাবে বিপক্ষ গোলরক্ষক সেভ করলেও বিপন্মুক্ত করতে পারেননি। ফিরতি বল জালে জড়াতে ভুল হয়নি মনপ্রীতের (১-১)। ভারত সমতায় ফিরতেই খেলার মোড় ঘুরে যায়। ১৯ মিনিটে শিলানন্দের সাজিয়ে দেওয়া বল থেকে লক্ষ্যভেদ সুখজিতের (২-১)। পাঁচ মিনিট পর ব্যবধান ৩-১ করেন শিলানন্দ (৩-১)। আর ৩৮ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন বিবেক (৪-১)। উল্লেখ্য, শনিবার সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ চীন।

Advertisement
সম্পর্কিত সংবাদ