নয়াদিল্লি: প্রত্যাশামতোই ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের সিরিজে ২-০ হারাল টিম ইন্ডিয়া। অধিনায়ক হিসেবে যা শুভমান গিলের প্রথম টেস্ট সিরিজ জয়।
কোটলায় মঙ্গলবার সকালে ভারতের প্রয়োজন ছিল আরও ৫৮ রান। লক্ষ্যে পৌঁছতে লাগল ঘণ্টাখানেকের সামান্য বেশি। ৭ উইকেটে এল জয়। তবে তার মধ্যেই সাই সুদর্শন ও গিল ফিরলেন ড্রেসিং-রুমে। প্রথম ইনিংসে শতরান মিস করার পর এদিন নিশ্চিত পঞ্চাশ হারালেন সুদর্শন। তবে তিন নম্বরে আপাতত জায়গা পাকা হল তাঁর। আর গিল ফিরলেন দ্রুত ম্যাচ শেষ করার জন্য ছক্কা হাঁকাতে গিয়ে। লোকেশ রাহুল অবশ্য জমাট থাকলেন আগাগোড়া। তাঁর ব্যাটেই এল জয়সূচক স্ট্রোক। এই টেস্ট ও সিরিজ দাপটে জয়ের পরও অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন নম্বরেই থাকল ভারত। তবে পিসিটি বেড়ে দাঁড়াল ৬১.৯০। তালিকার প্রথম দুই স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়া (পিসিটি ১০০) এ শ্রীলঙ্কা (পিসিটি ৬৬.৬৭)।
পরিসংখ্যান জানাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজকে টানা দশটি টেস্ট সিরিজে হারাল ভারত। ২০০২ থেকে চলছে এই জয়ের ধারা। এই সময়কালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২৭ টেস্টে অপরাজিত থেকেছে টিম ইন্ডিয়া। অবশ্য ক্যালিপসো ক্রিকেট অনেকদিনই অতীত গরিমা হারিয়েছে। এখন ধুঁকতে ধুঁকতে চলছে। তবে তার মধ্যেও কোটলায় লড়াকু মানসিকতার পরিচয় রেখেছেন জন ক্যাম্পবেল, শাই হোপরা। অন্তত মোতেরা টেস্টের মতো আড়াই দিনে দাঁড়ি পড়েনি ম্যাচে। ফলো-অন করলেও ম্যাচ পঞ্চম দিন পর্যন্ত টেনে নিয়ে যাওয়াই রোস্টন চেজ বাহিনীর সাফল্য।
কুড়ি উইকেটের জন্য দুই ইনিংস মিলিয়ে মোট ২০০ ওভার বল করতে হয়েছে ভারতকেও। এটাও কল্পনা করা যায়নি। বরং মোতেরার আত্মসমর্পণের পর মনে হচ্ছিল কোটলায় তাসের ঘরের মতো ভেঙে পড়বে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তা হয়নি। শেষ পর্যন্ত যদিও হেসে-খেলেই সিরিজ পকেটে পুরেছে ভারত। পাশাপাশি, ঘরের মাঠে টেস্ট জয়ের সংখ্যায় (১২২) তিন নম্বরেও উঠে এসেছে। দক্ষিণ আফ্রিকাকে (১২১) টপকে শুভমান গেলেন গিলরা। আর নভেম্বরে সেই প্রোটিয়াদের বিরুদ্ধেই হোম সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
দ্বিতীয় টেস্টের স্কোর
ভারত প্রথম ইনিংস ৫১৮-৫ (ডিঃ)। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ২৪৮। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস ৩৯০। ভারত দ্বিতীয় ইনিংস (৬৩-১ এর পর)- রাহুল অপরাজিত ৫৮, সুদর্শন ক হোপ বো চেজ ৩৯, গিল ক গ্রিভস বো চেজ ১৩, জুরেল অপরাজিত ৬, অতিরিক্ত ৬, মোট (৩৫.২ ওভারে) ১২৪-৩। উইকেট পতন: ২-৮৮, ৩-১০৮। বোলিং: সিয়েলেস ৩-০-১৪-০, ওয়ারিক্যান ১৫.২-৪-৩৯-১, পিয়েরে ৮-০-৩৫-০. চেজ ৯-২-৩৬-২।



