কলম্বো: নির্ধারিত সময়ে ২-২! শেষ পর্যন্ত টাই-ব্রেকারে ৪-১ গোলে বাংলাদেশকে বশ মানিয়ে অনূর্ধ্ব-১৭ স্যাফ ফুটবলে চ্যাম্পিয়ন ভারত। গতবার ফাইনালেও পড়শি দেশকে হারিয়ে ট্রফি জিতেছিল ব্লু টাইগার্স। কোচ বিবিয়ানো ফার্নান্ডেজের মন্তব্য, ‘খেতাব সবসময় আত্মবিশ্বাস জোগায়। তবে সাফল্যের কৃতিত্ব ফুটবলারদের। টাই-ব্রেকার সবসময় ফিফটি-ফিফটি। ঠান্ডা মাথায় জয় হাসিল করেছে গোটা দল।’
টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই দাপট দেখিয়েছে ভারত। অন্যদিকে, ফাইনালে ওঠার পথে কোনও গোল হজম করেনি বাংলাদেশ। এদিন শুরুতেই গাংতের লক্ষ্যভেদে লিড নেয় ভারত (১-০)। কিন্তু ব্যবধান দীর্ঘস্থায়ী হয়নি। মহম্মদ মানিক সমতায় ফেরান বাংলাদেশকে (১-১)। এরপর ফের ব্লু টাইগার্সের পালা। জাল কাঁপান আজলান শাহ (২-১)। পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে ওঠেন। সংযোজিত সময়ে ২-২ করেন হাবিব। এক্ষেত্রে মনঃসংযোগ হারানোর খেসারত দিতে হয় গোল হজম করে। তবে টাই-ব্রেকারে নার্ভ ধরে রেখে বাজিমাত বিবিয়ানো-ব্রিগেডের। চাপের মুখে ভেঙে পড়ে প্রতিপক্ষ। প্রাক্তন গোয়ানিজ মিডিও বিবিয়ানো দীর্ঘদিন ধরেই যুব দলের দায়িত্বে। টানা দ্বিতীয়বার যুব স্যাফ কাপও উপহার দিলেন তিনি।