নয়াদিল্লি: তিনমাস আগে ভোটেকোশি নদীতে ভয়াবহ হড়পা বানের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল নেপালের বিস্তীর্ণ অঞ্চল। প্রতিবেশী দেশের সেই দুর্দিনে সবার আগে সহায়তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ভারত। আর এবার নেপালের উন্নয়ন ও পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকারও বেশি আর্থিক সহায়তার কথা ঘোষণা করল নয়াদিল্লি। দু’দিনের ভারত সফরে রবিবারই দিল্লি এসেছেন সেদেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আর সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরই নেপালের উন্নয়নের জন্য সহায়তার ডালি উপুর করে দেওয়ার কথা ঘোষণা করেন মোদি। এদিন দুই দেশের মধ্যে আটটি সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে মহাকাশ প্রযুক্তি, নিরাপত্তা, স্বাস্থ্য, কৃষির মতো সম্ভাবনাময় ক্ষেত্র। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল, এদিন উত্তরপ্রদেশে রামের জন্মস্থান অযোধ্যা থেকে সীতার জন্মস্থান বলে পরিচিত জনকপুর ধামের মধ্যে সরযূ-কমলা এক্সপ্রেস নামে একটি সাপ্তাহিক ট্রেনের উদ্বোধন করা হয়েছে। প্রায় ৬০৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি দুই দেশের তীর্থযাত্রী ও পর্যটকদের যাতায়াত সহজ করবে। সময় নেবে প্রায় ১৯ ঘণ্টা। ট্রেনটির নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে ২৮ নভেম্বর। এর ফলে রামায়ণ সার্কিট আরও শক্তিশালী হবে।
নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আটমাস পর ভারত সফরে এলেন বালেন্দ্র। প্রথম বিদেশ সফরের ক্ষেত্রে তিনি পূর্বসূরিদের মতো দিল্লিকে অগ্রাধিকারের তালিকায় না রাখায় সাউথ ব্লকের ক্ষোভও ছিল যথেষ্ট। তবে এদিন মোদির সঙ্গে বালেন্দ্রর বৈঠকে সেই ক্ষোভের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। বৈঠকের পরে মোদি বলেন, ‘নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে বালেন্দ্রজিকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।’ এরপরই তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে রাষ্ট্রসংঘে বালেন্দ্রর বক্তৃতার কথা উল্লেখ করেন তিনি। মোদি বলেন, ‘কয়েক মাস আগে বিশ্বের কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রসংঘের বক্তৃতাতেই আমরা তাঁর লক্ষ্যের আভাস পেয়েছি। আর গত কয়েক ঘণ্টায় আলোচনার সময় নেপালের উন্নয়নের জন্য তাঁর ভাবনা স্পষ্ট হয়েছে।’ বালেন্দ্র দুই দেশের সম্পর্কের উন্নতিতে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার বিষয়টিকে গুরুত্ব দেন। তাঁর কথায়, ‘ভারত এবং নেপালের বন্ধন হিমালয়ের মতোই সুদৃঢ় এবং বিশাল।’



