নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে মঙ্গলবার ভারতের সামনে হংকং। এই মুহূর্তে মানোলো ব্রিগেডের ফিফা র্যাঙ্কিং ১২৭। অন্যদিকে, হংকং রয়েছে ১৫৩ নম্বরে। কিন্তু পিছিয়ে থাকা দলের বিরুদ্ধেও প্রবল অস্বস্তিতে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। কারণ কোচ অ্যাশলে ওয়েস্টউড দায়িত্ব নেওয়ার পর দ্রুত গুছিয়ে নিচ্ছে হংকং। ভারতীয় দলকে হাতের তালুর মতো চেনেন অ্যাশলে। দীর্ঘদিন বেঙ্গালুরু এফসির কোচ ছিলেন তিনি। শুধু তাই নয়, আফগানিস্তানের কোচ হিসেবেও ব্লু টাইগার্সকে বশ মানানোর কৃতিত্ব রয়েছে তাঁর। শেষ ১২টি ম্যাচে মাত্র একবার হেরেছে হংকং। উল্টে সলোমন দ্বীপপুঞ্জ ও ফিলিপিন্সকে হারিয়েছে তারা। একইসঙ্গে হংকংয়ের বংশোদ্ভূত একগুচ্ছ ফুটবলারকে এনে দলকে আরও শক্তিশালী করে তুলেছেন অ্যাশলে। এদের মধ্যে স্ট্রাইকার জুনিনহো ছাড়াও মিডফিল্ডার স্তেফান পেরেরা ও ফার্নান্দোর জন্ম ব্রাজিলে। জাপানে বেড়ে ওঠা ইচিকাওয়া ও স্পেনে জন্মানো মানালো দলের সম্পদ। তাই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ছাংতেদের জন্য।



