নর্দাম্পটন: লোকেশ রাহুলের শতরানে ভর করে প্রথম দিনে ৭ উইকেটে ৩১৯ রান তুলেছিল ভারতীয় এ দল। ক্রিজে ছিলেন তনুশ কোটিয়ান ও অংশুল কাম্বোজ। তবে দ্বিতীয় দিনে সাত ওভারের মধ্যেই অল-আউট তাঁরা। প্রথম ইনিংসে ভারতীয় এ দলের সংগ্রহ ৩৪৮। জবাবে প্রথম ইনিংসে লড়াই চালাচ্ছে ইংল্যান্ড লায়ন্স। দ্বিতীয় দিনের শেষে ৪৬ ওভারে ৩ উইকেটে তাদের স্কোর ১৯২। ক্রিজে আছেন জর্ডন কক্স (ব্যাটিং ৩১) ও জেমস রিউ (ব্যাটিং ০)।
আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি ম্যাচ ভারতীয় ক্রিকেটারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে দ্বিশতরান হাঁকিয়ে নজর কেড়েছিলেন করুণ নায়ার। আর চলতি দ্বিতীয় ম্যাচে শতরান এসেছে লোকেশ রাহুলের ব্যাট থেকে। ১৫টি চার ও ১টি ছক্কা সহ ১৬৮ বলে ১১৬ রানের ইনিংস খেলে প্রথম দিনে আউট হন এই ভারতীয় তারকা। তবে প্রস্তুতি সিরিজে বিবর্ণ দেখাল নীতীশ রেড্ডি ও শার্দূল ঠাকুরকে। নীতীশের ব্যাট থেকে ৩৪ রানের বেশি আসেনি। শার্দূলের সংগ্রহ ১৯। বল হাতেও এই দুই অলরাউন্ডার দাগ কাটতে ব্যর্থ।