Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পতাকা উত্তোলন, তিনদিন পর ফের স্বাধীনতা দিবস উদযাপন গৌড়বঙ্গে

সোমবার, জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন হল মালদহ, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর জেলাজুড়ে।

পতাকা উত্তোলন, তিনদিন পর ফের স্বাধীনতা দিবস উদযাপন গৌড়বঙ্গে
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হিলি, পুরাতন মালদহ ও রায়গঞ্জ: সোমবার, জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন হল মালদহ, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর জেলাজুড়ে। ১৫ আগস্টের তিনদিন পর ফের তেরঙ্গা পতাকা উড়ল বালুরঘাট, গাজোল, ইংলিশবাজার, কালিয়াগঞ্জ সহ বিভিন্ন জায়গায়। 

Advertisement

রাজনৈতিক দল থেকে সামাজিক সংগঠন, সরকারি সংস্থা থেকে স্কুল কলেজের শিক্ষকরা, এদিন বালুরঘাটে শামিল হন স্বাধীনতা দিবস উদযাপনে। কারণ, ৭৯ বছর আগে, ১৯৪৭ সালের ১৮ আগস্ট বালুরঘাট হাইস্কুলের মাঠে পাকিস্তানের পতাকা সরিয়ে উড়েছিল ভারতের জাতীয় পতাকা। 
বালুরঘাটের ভারতে অন্তর্ভুক্তির এই দিনটিকে ভিন্ন মাত্রা দিতে সকালে বালুরঘাট পুরসভা বালুরঘাট হাইস্কুলের মাঠ থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি  শহর পরিক্রমা করে হাইস্কুল মাঠে ফিরে আসে। ছাত্রছাত্রীদের পাশাপাশি শোভাযাত্রায় অংশ নেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, কাউন্সিলাররা। ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষকরা। 
শোভাযাত্রা শেষে বালুরঘাট হাইস্কুলের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ, পুরসভার চেয়ারম্যান এবং এমসিআইসি বিপুল কান্তি ঘোষ প্রমুখ।
পুরসভার পক্ষ থেকে সন্ধ্যায় হাইস্কুল মাঠে ৭৯টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে স্বাধীনতা দিবস ও বালুরঘাটের স্বাধীনতার ৭৯তম বর্ষ উদযাপন করা হয়। 
১৮ আগস্ট উপলক্ষ্যে এবারই প্রথম বালুরঘাট পুরসভা শোভাযাত্রা বের করে। নতুন প্রজন্মের কাছে বালুরঘাটের স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে এই প্রয়াস বলে পুরসভার চেয়ারম্যান জানান।
বিজেপির পক্ষ থেকেও এদিন বালুরঘাট হাইস্কুল মাঠে অনুষ্ঠান হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী, টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত প্রমুখ। 
এছাড়াও, বালুরঘাট সাইকেল কমিউনিটি ও কথকের যৌথ উদ্যোগে ১৮ আগস্ট পালন করা হয় বিশেষভাবে। এদিন সকালে সাইকেল র‌্যালির মাধ্যমে সদস্যরা বালুরঘাট হাইস্কুল মাঠে সমবেত হন। সেখানে জাতীয় পতাকা উত্তোলন হয়। ঐতিহাসিক ১৮ আগস্টের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য তুহিনশুভ্র মণ্ডল। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দিনটি আলোচনার মধ্য দিয়ে পালিত হয়। হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর ১৮ আগস্টের গুরুত্ব আলোচনা করে। নতুন প্রজন্মকে একটি তথ্যচিত্রও দেখানো হয়। 
১৮ আগস্ট দিনটিকে সাড়ম্বরে পালিত করার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট লেখক কৃষ্ণপদ মণ্ডল। 
সোমবার মালদহ জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে ইংলিশবাজার শহরে গ্রন্থাগার ভবন সংলগ্ন বইবাগানে জাতীয় পতাকা তোলা হয়। সাদা পায়রা উড়িয়ে দেওয়া হয়। শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাবুপাড়াতেও স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবীদের শ্রদ্ধা জানানো হয়। গাজোলে তেরঙ্গা যাত্রা হয়। 
ইংলিশবাজারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, রাধাগোবিন্দ ঘোষ, জেলা তৃণমূলের যুব সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যরা।  মালদহে স্বাধীনতা দিবস উদযাপন। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ