লন্ডন: লর্ডসে দুই স্পিনারের ফর্মুলা থেকে সরে আসতে পারে ভারত। এমনই ইঙ্গিত দিলেন ঋষভ পন্থ। তবে প্রথম এগারো নিয়ে রহস্য রেখেই দিয়েছেন তিনি। ভারতের সহ-অধিনায়ক বুধবার প্রচারমাধ্যমের সামনে বলেন, ‘সবরকম বিকল্পই সামনে রয়েছে। আলোচনা চলছে। শেষ পর্যন্ত পিচে কতটা ঘাস থাকছে তা দেখে সিদ্ধান্ত নেব আমরা। তিনজন পেসারের সঙ্গে একজন স্পিনার, নাকি দু’জন স্পিনার— সেটা এখনও ঠিক হয়নি।’ অর্থাৎ, দ্বিতীয় স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দরের খেলা অনিশ্চিত।
টেস্ট শুরুর একদিন আগে লর্ডসের বাইশ গজকে দেখাচ্ছে সবুজ। হেডিংলে ও এজবাস্টনের পিচের থেকে যা একেবারেই অন্যরকম। তাহলে কি ভারতের চাপে পাল্টেছে ইংল্যান্ডের স্ট্র্যাটেজি? পন্থের উত্তর, ‘কন্ডিশন অনুসারে আমরা পরিকল্পনা করি। বিপক্ষ কী ভাবছে, সেটা ভেবে খেলি না। বরং আমরা নিজেদের সেরাটা মেলে ধরতে বদ্ধপরিকর।’ এজবাস্টনের মতো বিপক্ষের কুড়িটা উইকেট নেওয়াই যে লক্ষ্য থাকবে, তা স্পষ্ট করে দিয়েছেন পন্থ। তিনি সাফ বলেছেন, ‘ইংল্যান্ড যে ধরনের আক্রমণাত্মক ক্রিকেট খেলে তাতে ওরা ভালো উইকেটই দেবে বলে আমরা ভেবেছিলাম। ব্যাটিং-সহায়ক পিচেও ২০ উইকেট নেওয়া ছিল লক্ষ্য। আমাদের দুই সিনিয়র ব্যাটসম্যান অবসর নিয়েছে। তাই অন্য ব্যাটারদের দায়িত্ব নিতেই হতো। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে সবাই। আর দলগতভাবে আমরা এর চেয়েও ভালো খেলতে পারি।’ এদিকে, উইম্বলডনে খেলা দেখতে লন্ডনে রয়েছেন দীপক চাহার। তারই মধ্যে বুধবার তাঁকে টিম ইন্ডিয়ার অনুশীলনে দেখা যায়। মূলত সাপোর্ট বোলার হিসেবেই যোগ দেন তিনি।