সমৃদ্ধির উৎসবে
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ছোটোবেলায় সকলে তাঁকে বলতেন সাজবিলাসী। নামের আগে বিশেষণের মতো জড়িয়ে থাকত ‘সাজ’। ধীরে ধীরে বড়ো হল কিশোরী মেয়েটি। সাজ সত্যিই তাঁর কাজের অঙ্গ হয়ে থাকল। তিনি অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বরাবরই সাজতে ভালোবাসেন। শাড়ি, গয়নার বাঙালি সাজে দর্শকও তাঁকে সবথেকে বেশি পছন্দ করেন। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে দু’টি লুক তৈরি হয়েছিল অভিনেত্রীর। প্রথম শাড়িটির সবুজ জমি।  তার উপর গোল্ডন বুটি। চওড়া গোল্ডেন ও পার্পলের কম্বিনেশনে তৈরি পাড়। আটপৌরে করে পরেছিলেন তিনি। তার সঙ্গে সাবেকি খোঁপা। সেখানে জড়ানো ছিল ফুলের মালা। সারা বছর গয়না পরতে ভালোবাসেন অপরাজিতা। আর এই ধরনের সাবেকি সাজে গয়না অবশ্যই চাই। গলায় একটি চোকার, সঙ্গে বড়ো নেকলেস। কানপাশা, রকমারি বালা পরেছিলেন তিনি। সবথেকে নজরকাড়া তাঁর নাকের নথ। দ্বিতীয় শাড়িটি ম্যাজেন্টা রঙের। জরির আঁচল। সারা জমিতে ছোটো ছোটো বুটি। সবুজ রঙের ডিজাইনার ব্লাউজ পরেছিলেন অপরাজিতা। এই ধরনের শাড়ির নিজস্ব ব্লাউজও থাকে। এই সাজের সঙ্গে মানানসই ছিল গিনির লম্বা হার। তার সঙ্গে চোকার এবং ভারী ঝুমকো পরেন নায়িকা। ধনতেরাসে সাধ্যমতো অলংকার কেনেন সকলে। ধন-সম্পদের দেবতার আরাধনা হয় ঘরে ঘরে। এই আবহে প্রার্থনা একটাই, সমৃদ্ধির আলোয় ভরে উঠুক সকলের জীবন।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য