Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফলতায় বিজেপি প্রার্থীকে ১ লক্ষের বেশি ভোটে জেতানোর ডাক শুভেন্দুর

ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে এক লক্ষের বেশি ভোটে জেতানোর টার্গেট বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ফলতায় বিজেপি প্রার্থীকে ১ লক্ষের বেশি ভোটে জেতানোর ডাক শুভেন্দুর
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিমল বন্দ্যোপাধ্যায়, ফলতা: ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে এক লক্ষের বেশি ভোটে জেতানোর টার্গেট বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিকালে ফলতা ৮৩ নম্বর বাস টার্মিনাস সংলগ্ন ময়দানে দলের নির্বাচনি সভায় তিনি বলেন, ‘বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে পবিত্র ফলতার মাটিতে একটা আবেদন নিয়ে এসেছি। আগামী ২১ তারিখ এই কেন্দ্রের পুনর্নির্বাচনে আইনজীবী প্রার্থী দেবাংশু পান্ডাকে এক লক্ষের বেশি ভোটে জেতাতে হবে। তৃণমূলকে একটি ভোটও দেবেন না। একেবারে শূন্য করে দিতে হবে।’এদিন বিকাল ৩টে নাগাদ কর্মিসভায় যোগ দেওয়ার কথা ছিল শুভেন্দুর। কিন্তু পুলিশের সঙ্গে বৈঠক সেরে বেরনোর সময় রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষের ভিড়ে তাঁকে বারবার আটকে পড়তে হয়। তাঁরা সবাই স্বাগত জানান নতুন মুখ্যমন্ত্রীকে। ফলে মুখ্যমন্ত্রী সভায় ঢুকতে ৪টে বেজে যায়। তীব্র গরম উপেক্ষা করে বহু মহিলা দুপুর ১.৩০টা থেকে ভিড় জমিয়েছিলেন সভাস্থলে। এঁদের মধ্যে অনেকেই ঘরছাড়া। কেউ কাজ হারিয়েছেন। কারও জমি দখল হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, ‘গত ১০ বছর অনেক সহ্য করেছেন। আর নয়। ভোটটা শুধু পদ্মতে দেবেন। এরপর মুক্তির ফলতা উপহার পাবেন।’
জমায়েতকে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, ‘ভাইপো আসার পর তাঁর গুন্ডাবাহিনীর মাথা জাহাঙ্গির, শামিম, গৌতম, সেলিম সহ যারা যারা ভোট দিতে দেয়নি, মা-বোনদের চোখের জল ঝরিয়েছে, নারকীয় অত্যাচার করেছে, সবকিছুর চুলচেরা হিসাব হবে। কাউকে ছাড়া হবে না।’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার সংসদের অধীন ফলতা বিধানসভা কেন্দ্র। সেখানেই নাম না করে তাঁর বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। বলেন, ‘ভাইপোর লিপস অ্যান্ড বাউন্ডসের নামে ২৪টি সম্পত্তি পাওয়া গিয়েছে। ভাইপোর নামে কত সম্পত্তি আছে, সেই ফাইল কলকাতা পুরসভার কাছে চেয়ে পাঠিয়েছি। আমতলায় কীভাবে প্রাসাদ হল, সব খোঁজ হচ্ছে। হটুগঞ্জের এক কর্মীকে মারা হয়েছিল। তা ভুলিনি।’  আলাদা 
করে জাহাঙ্গিরের নাম করে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, ‘জাহাঙ্গিরের ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। ওটা আমি দেখে নেব।’
শপথ গ্রহণের দিনই রাজ্যে খুন হয়ে যাওয়া ৩২১ জন বিজেপি কর্মীকে শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছিল বিজেপি। এদিনের সভা থেকে সেই পরিবারগুলির একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপশি ফলতার জন্য বিশেষ ডেভেলপমেন্ট প্যাকেজ দেওয়া হবে আশ্বাস দিয়েছেন তিনি। কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আগামী ২৪ মে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধে ফলতার মানুষ মুক্তির উৎসব পালন করবেন। ওই দিন গণনাকেন্দ্র থেকে শংসাপত্র হাতে নিয়ে দেবাংশু যখন বেরবে, তখন কলকাতা থেকে প্রথম মালা পরাতে আমি হাজির থাকব।’ তবে ফলতায় একটি সভা করেই ক্ষান্ত হচ্ছেন না শুভেন্দু। এবার পদযাত্রা করার কথা ঘোষণা করেছেন তিনি। বলেছেন, ‘আগামী ১৯ মে পদযাত্রার জন্য ফলতাতে আসছি। ওই দিন ঘরছাড়া ও অত্যাচারিত সবার বাড়ি বাড়ি যাব। বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করব। কম বয়সিদের সঙ্গে আলিঙ্গন হবে।’

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ