নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ক্রেতার বেশে বাড়িতে দুষ্কৃতী হানা! টোটোর ব্যাটারির জন্য জল (ডিস্টিলড ওয়াটার) কেনার অছিলায় বাড়ির ভেতরে ঢুকে বৃদ্ধার গলায় ছুরি ধরে চুরি করে পালাল এক দুষ্কৃতী। অভিযোগ, বৃদ্ধা যাতে চিৎকার করতে না পারে তার জন্য তাঁর মুখ চেপে ধরা হয়েছিল। সোনার অলঙ্কার সহ নগদ অর্থ লুট করে চম্পট দিয়েছে দুষ্কৃতী। শনিবার ভর সন্ধ্যায় সিউড়ি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কেন্দুয়া রক্ষাকালীতলায় এই দুঃসাহসিক চুরিতে আতঙ্কে এলাকাবাসী। ইতিমধ্যে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে। জেলা পুলিস সুপার আমনদীপ বলেন, তদন্ত করা হচ্ছে।
সিউড়ি মহকুমাজুড়ে মাঝেমধ্যেই চুরি হচ্ছে। তবে এই ঘটনায় আতঙ্ক যেন অনেকটাই বাড়ল। পরিবার সূত্রে জানা গিয়েছে, দ্বিতল বাড়ির নীচতলায় বৃদ্ধা মিনতি গড়াই ও তাঁর বউমা থাকেন। উপরতলায় তাঁর ছেলে ও নাতি থাকেন। ওইদিন সন্ধ্যায় বৃদ্ধার ছেলে বাড়ি লাগোয়া দোকানে কাজে ছিলেন। অন্যদিকে, তাঁর নাতি বাড়ির বাইরে ছিলেন। দাঁতের ব্যথায় কাতর বৃদ্ধার বউমা উপরতলার ঘরে ছিলেন। বৃদ্ধা নীচতলায় একাই ছিলেন। সন্ধ্যা প্রায় ৮টা নাগাদ এক দুষ্কৃতী ব্যাটারির জন্য জল কেনার কথা বলে বাড়ির দরজায় টোকা দিয়েছিল। বৃদ্ধা সদর দরজা খুলে দিতেই দুষ্কৃতী ভেতরে ঢুকে বৃদ্ধার মুখ চেপে ধরে গলায় ছুরি ধরে। এরপরই আলমারি চাবি কেড়ে নিয়ে নগদ অর্থ ও সোনার কানের দুল নিয়ে পালায়। বৃদ্ধা ছেলেকে ডাকতে গিয়ে সদর দরজায় হোঁচট খেয়ে পড়ে যান। ছেলে দ্রুত সেখানে পৌঁছন। তাঁর বউমাও নীচে নেমে আসেন। রাতেই পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ করা হয়। আতঙ্কে গড়াই পরিবারের রাতের ঘুম উড়েছে। স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত।
বৃদ্ধা মিনতী গড়াই বলেন, ব্যাটারির জল নেওয়ার কথা বলেছিল। আমি সেটা নিয়ে আসি। তখন আচমকাই আমরা মুখ চেপে ধরায় আমি চিৎকার করতে পারিনি। গলায় ছুরি ধরেছিল। মুহূর্তেই টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়েছে। বৃদ্ধার নাতি পরীক্ষিৎ গড়াই বলেন, একজন দুষ্কৃতী ভেতরে ঢুকে ঠাকুরমার গলায় ছুরি ধরেছিল। আমাদের আশঙ্কা বাইরেও আরও কয়েকজন দুষ্কৃতী ছিল।