রানাঘাটে থিমের লড়াইয়ে উত্তমকুমার স্মরণ, মণ্ডপ সেজেছে চিড়িয়াখানায়
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা রানাঘাট: শারদ উৎসবের দিনগুলিতে এখন উৎসবের আমেজে মেতে উঠেছে রানাঘাটবাসী। পুজোর কদিন শহর জুড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবছর রানাঘাটের পুজো পরিক্রমায় প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুটি ভিন্ন স্বাদের নজরকাড়া থিম, রানাঘাট আদি রবীন্দ্রভবন সর্বজনীন দুর্গোৎসবের ‘জ্যান্ত পাখির চিড়িয়াখানা’ এবং রানাঘাট পান্থাপাড়া অধিবাসীবৃন্দের ‘উত্তম কুমারের শতবর্ষ স্মরণ’। একদিকে ছোটদের আনন্দ ও পরিবেশ সচেতনতার বার্তা, অন্যদিকে নস্টালজিয়া আর মহানায়কের স্মৃতি সব মিলিয়ে জমজমাট রানাঘাটের পুজো বাজার।

Advertisement

অন্যদিকে এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল রানাঘাট আদি রবীন্দ্রভবন সর্বজনীন দুর্গোৎসব। এবারের পুজোয় তাদের বাজেট রাখা হয়েছে ১২ লক্ষ টাকা। পুজোমন্ডপে তৈরি করা হয়েছে এক অভিনব ‘জ্যান্ত পাখির চিড়িয়াখানা’। যেখানে ভিড় জমাচ্ছে কচিকাচারা। তবে শুধু বিনোদন নয় এর পেছনে রয়েছে এক সামাজিক বার্তা। এ প্রসঙ্গে রানাঘাট আদি রবীন্দ্রভবন সার্বজনীন দুর্গোৎসবের সম্পাদক শুভ সাহা বলেন,“প্রকৃতিতে গাছ বাঁচিয়ে রাখা এবং গাছে পাখির বাসা, যেখানে পাখি মুক্তভাবে থাকতে পারে, সেই চিন্তাভাবনা ছোটদের মনে আনতে এবং পরিবেশ সম্পর্কে তাদের সচেতন করতেই এ বছর আমাদের এই থিমের উদ্যোগ”। মন্ডপের চারপাশের পরিবেশ এবং পাখির জীবন্ত রূপ ফুটিয়ে তোলার এই ভাবনাটি ছোট-বড় সকলেরই মন কেড়েছে। অন্যদিকে রানাঘাটের পান্থাপাড়া আদিবাসীবৃন্দের দুর্গোৎসব এবছরের ৭২ বছরে পদার্পণ করেছে। ১০ লক্ষ টাকা বাজেটের এই পুজোয় দর্শকদের নজর কেড়েছে তাদের থিম উত্তম কুমারের শতবর্ষ স্মরণ। মহানায়ক উত্তম কুমারের স্মৃতিবিজড়িত নানা উপাদানে সেজে উঠেছে এই মন্ডপ। যেখানে যুব সমাজ থেকে শুরু করে প্রবীণদের প্রত্যেকেই ভিড় জমাচ্ছেন নস্টালজিয়া টানে।
রানাঘাটের পান্তাপাড়া আদিবাসী বৃন্দের পুজো কমিটির সভাপতি প্রবীর মজুমদার এই থিম সম্পর্কে জানান,“এখনকার প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে উত্তমকুমার সম্বন্ধে ধারণা তৈরি এবং প্রবীণদের স্মৃতিচারণার উদ্দেশ্যে এই থিমের আয়োজন করা হয়েছে। উত্তমকুমারের অভাবনীয় অভিনয় সম্বন্ধে বর্তমান সমাজ যাতে আরও ভালোভাবে তাকে জানার চেষ্টা বা আগ্রহ দেখায়, সেই কারণেই আমাদের এই বিশেষ উদ্যোগ”।
সব মিলিয়ে একদিকে রবীন্দ্র ভবনের মণ্ডপের পশুপাখির কলকাকলিতে ছোটদের উচ্ছ্বাস এবং অন্যদিকে পান্থাপাড়ায় মহানায়কের রূপালী পর্দার স্মৃতিরোমান্থনে প্রবীণদের নস্টালজিয়া। এই দুইয়ের মেলবন্ধনে এবছর রানাঘাটের পুজো পরিক্রমা হয়ে উঠেছে অনন্য ও অবিস্মরণীয়।