Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপের গুরুত্বপূর্ণ রাস্তা দু’ বছর ধরে বেহাল, সমস্যায় স্থানীয় মানুষ

নবদ্বীপ ব্লকের বাবলারি পঞ্চায়েতের নদীয়া ও পূর্ব বর্ধমানের মধ্যে অন্যতম সংযোগকারী রাস্তা বেহাল। যার ফলে প্রায় দু› বছর ধরে সমস্যায় রয়েছেন দুই জেলার মানুষ।

নবদ্বীপের গুরুত্বপূর্ণ রাস্তা দু’ বছর ধরে বেহাল, সমস্যায় স্থানীয় মানুষ
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ ব্লকের বাবলারি পঞ্চায়েতের নদীয়া ও পূর্ব বর্ধমানের মধ্যে অন্যতম সংযোগকারী রাস্তা বেহাল। যার ফলে প্রায় দু› বছর ধরে সমস্যায় রয়েছেন দুই জেলার মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, পঞ্চায়েতকে বারবার জানিয়েও সুরাহা মেলেনি। 

Advertisement

নবদ্বীপ বাবলারি পঞ্চায়েতের সামনে থেকে বাবলারি দক্ষিণপাড়া রেলের আন্ডার পাস পর্যন্ত নদীয়া ও বর্ধমানের সংযোগকারী ঢালাই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটির ঢালাই ভেঙে কোথাও কোথাও খোয়া বেরিয়ে এসেছে, বড় বড় গর্ত হয়ে গিয়েছে। বৃষ্টি হলে গর্তগুলিতে জল জমে যায়। রাস্তাটির বেশ কিছু অংশ এতটাই খারাপ যে, হেঁটেও যাতায়াত করতে সমস্যায় পড়ছেন স্থানীয়রা। ভাঙা রাস্তার কারণে দু’টি গাড়ি পাশাপাশি যেতে পারে না। মাঝে মধ্যেই ছোটখাট দুর্ঘটনা ঘটছে।
এই রাস্তাটি দিয়ে বিশেষ করে নদীয়া ও বর্ধমান দুই জেলার অনেকেই চিকিৎসা করাতে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে যান। এমনকী নবদ্বীপ হাসপাতাল থেকে বর্ধমান জেলার হাসপাতালে স্থানান্তরিত রোগীদের এই রাস্তা দিয়েই যেতে হয়।
বাবলারি পঞ্চায়েত সংলগ্ন পূর্ব বর্ধমান জেলার হেমায়েতপুর, শ্রীরামপুর, চাঁদপুর সহ বিদ্যানগরের বেশ কিছু বাসিন্দা  ব্যবসা-বাণিজ্য করতে এই রাস্তা ব্যবহার করেন। এছাড়া এই পথ দিয়ে স্থানীয় বাসিন্দা থেকে পুণ্যার্থীরা প্রাচীন সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে যান। বহু পড়ুয়া স্থানীয় সিদ্ধেশ্বরী পাড়া প্রাথমিক বিদ্যালয়ে যায়।
বাবলারি দক্ষিণপাড়ার বাসিন্দা চতুর্থ শ্রেণির ছাত্র রনিক দে, সুযশ চন্দ্র, সায়ন দেবনাথরা জানায়,  বৃষ্টি হলে জল জমে যায়। জলের মধ্য দিয়ে যেতে আসতে খুবই অসুবিধা হয়। পোকামাকড়ের ভয় লাগে। সিদ্ধেশ্বরী পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিজয়কুমার বসাক বলেন, নবদ্বীপ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ফুলবাগান থেকে আমি স্কুলে আসি। রাস্তাটি খুবই ভাঙাচোরা। ঢালাই না করলে বাচ্চাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। কয়েকদিন আগে তো এক বয়স্কা মহিলা হোঁচট খেয়ে পড়ে গেলেন। দক্ষিণ পাড়ার বাসিন্দা শিখা দত্ত, দেবশ্রী চন্দ্ররা বলেন, অনেকদিন ধরে বলে আসছি, কতবার বলব। এই রাস্তাটাকে উঁচু করতেই হবে। বাবলারি পঞ্চায়েত সংলগ্ন দক্ষিণপাড়ার বাসিন্দা বাচ্চু দে বলেন, প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে।  পঞ্চায়েত অফিসের কাছ থেকে পূর্ব বর্ধমান জেলায় শ্রীরামপুর যাওয়ার প্রায় ৫০০ মিটারের বেশি রাস্তা ঢালাই করা আছে। সেই রাস্তা ভেঙে গিয়ে বড় বড় গর্ত হয়ে পাথর বেরিয়ে গিয়েছে। বাবলারি পশ্চিমপাড়ার বাসিন্দা প্রবীণ টোটো চালক নির্মল দত্ত বলেন, প্রতিদিনই পূর্ব বর্ধমান জেলার শ্রীরামপুর, হেমায়েতপুর প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করি। সারারাত গাড়ি চলে এই রাস্তায়। ভাঙাচোরা রাস্তার কারণে টোটোর খুবই ক্ষতি হয়। 
বাবলারি পঞ্চায়েতের প্রধান নারায়ণ কর্মকার বলেন,  রাস্তাটি মেরামতির জন্য পথশ্রী প্রকল্পে রাজ্য সরকারের অনুমোদন মিলেছে। শীঘ্রই কাজ শুরু হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ