Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এখনও ফুরিয়ে যাইনি: গুরপ্রীত

কাফা নেশনস কাপে ওমানকে হারিয়ে ইতিহাস গড়েছে খালিদ ব্রিগেড। টাই-ব্রেকারের নায়ক গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। খারাপ ফর্মের জন্য মাঝে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। স্মরণীয় প্রত্যাবর্তনের পর তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ফুটবল মহল। তাজিকিস্তানের হিসর থেকে মুঠোফোনে বর্তমানের নানা প্রশ্নের অকপট জবাব দিলেন গুরপ্রীত।

এখনও ফুরিয়ে যাইনি: গুরপ্রীত
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাফা নেশনস কাপে ওমানকে হারিয়ে ইতিহাস গড়েছে খালিদ ব্রিগেড। টাই-ব্রেকারের নায়ক গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। খারাপ ফর্মের জন্য মাঝে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। স্মরণীয় প্রত্যাবর্তনের পর তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ফুটবল মহল। তাজিকিস্তানের হিসর থেকে মুঠোফোনে বর্তমানের নানা প্রশ্নের অকপট জবাব দিলেন গুরপ্রীত।

Advertisement

শিবাজী চক্রবর্তী

প্রশ্ন: সামনেই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা পর্বের ম্যাচ। এই জয় কি টার্নিং পয়েন্ট হতে পারে?
গুরপ্রীত: সত্যিই একটু অক্সিজেন দরকার ছিল। আমাদের ইতিবাচক মানসিকতা বজায় রাখতে হবে। তবে রাতারাতি খোলনলচে বদল সম্ভব নয়। এই দলকে সময় দেওয়া দরকার। অনুশীলনের মাধ্যমে যাবতীয় ভুলত্রুটি দ্রুত শুধরে নেওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।
প্রশ্ন: ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে ওমান। প্রবল প্রতিপক্ষকে বশ মানিয়ে কতটা তৃপ্ত?
গুরপ্রীত: অবশ্যই খুশি। কিন্তু আবেগে ভাসতে নারাজ। আমাদের দলের আরও ভালো পারফরম্যান্স করার ক্ষমতা রয়েছে। গ্রুপের অন্য ম্যাচগুলিতেও আমরা খারাপ খেলিনি। এমনকী, শক্তিশালী ইরান প্রথমার্ধে দাঁত ফোটাতে ব্যর্থ। আমরাও পারি, এই মানসিকতা নিয়েই এগতে হবে।
প্রশ্ন: গোলরক্ষক গুরপ্রীতের কাছে এই প্রত্যাবর্তন নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে?
গুরপ্রীত: আমি ফুরিয়ে যাইনি। রিংয়ের বাইরেও ছিলাম না। এছাড়া আর কিছু বলতে চাই না।
প্রশ্ন: টাই-ব্রেকারের আগে কতটা আত্মবিশ্বাসী ছিলেন?
গুরপ্রীত: দেখুন, টাই-ব্রেকার সবসময় ফিফটি-ফিফটি। আপনাকে চান্স নিতেই হবে। প্রেসার ট্যাকটিক্স, অর্থাৎ শুটারকে চাপে ফেলে দাও। শেষ কিকের আগে অনুমান করতে পেরেছিলাম কোনদিকে শট আসতে পারে। আমার সৌভাগ্য জামাল আমার ডানদিকেই শট নেয়। পাশাপাশি সতীর্থদের প্রশংসা প্রাপ্য। ওরা লক্ষ্যভেদ না করলে দাম পেত না কোনওকিছুই। 
প্রশ্ন: জাতীয় দলের দায়িত্ব নিয়েই সাফল্য পেয়েছেন খালিদ জামিল। ভারতীয় কোচকে নিয়ে আপনার মূল্যায়ণ ঠিক কী?
গুরপ্রীত: আমার উপর ভরসা রাখার জন্য কোচকে ধন্যবাদ। গোটা দলকে এক সুতোয় বাঁধতে পেরেছেন খালিদ। এখানেই তাঁর কৃতিত্ব। টিম স্পিরিট এই দলের চাবিকাঠি। সারাক্ষণ ফুটবল নিয়ে ভাবেন নতুন কোচ। আমার বিশ্বাস, ওঁর কোচিংয়ে ভারতীয় দল আরও উন্নতি করবে।
প্রশ্ন: অনেকদিন পর ভারতীয় ফুটবলে খুশির হাওয়া বইছে। সমর্থকদের উদ্দেশে কী বার্তা দেবেন?
গুরপ্রীত: আমার কেরিয়ারের শুরু কলকাতায়। সামনেই দুর্গাপুজো। সবাইকে শুভেচ্ছা। এভাবেই দলের পাশে থাকুন। সমর্থকদের অনুপ্রেরণাই আমাদের বড় শক্তি।

Advertisement
সম্পর্কিত সংবাদ