সংবাদদাতা শান্তিনিকেতন: শীতের হাত থেকে রক্ষা পেতে বিছানার পাশেই আগুন জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধা। সেখান থেকেই আগুন ধরে যাওয়ায় পুড়ে মৃত্যু হল ওই বৃদ্ধার। জানা গিয়েছে, মৃতার নাম কালোমণি বেসরা(৬৩)। সোমবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ইলামবাজারের ডমরুট গ্রামে। মঙ্গলবার তাঁর দেহটি বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হয়। পুলিস ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্যে শীত প্রবেশ করেছে। কিছুদিন ধরে তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় ঠান্ডা অনুভূত হচ্ছে। শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে খবর বোলপুর মহকুমায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা থেকে রেহাই পেতে কালোমণিদেবী ঘরের ভিতরেই জ্বলন্ত উনুন রেখে বিছানায় শুয়ে পড়েন। সেই উনুন থেকেই তাঁর মশারি ও বিছানায় কোনও ভাবে আগুন ধরে যায়। বৃদ্ধার চিৎকার শুনে পাশের বাড়ি থেকে তাঁর ছেলে ও অন্যান্যরা চলে আসেন। তাঁরা ওই বৃদ্ধাকে জ্বলন্ত অবস্থায় দেখতে পান। সকলে মিলে কোনভাবে আগুন নিভিয়ে তাঁকে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়।



