Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইলামবাজার কিষান মান্ডিতে চাষিদের বিক্ষোভ

ইলামবাজার কিষান মান্ডিতে চাষিদের বিক্ষোভ
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: সরকারি নিয়ম না মেনে ধান কেনার সময় অতিরিক্ত ধলতা নেওয়ার অভিযোগ তুলে সোমবার ইলামবাজারের কিষান মান্ডিতে বিক্ষোভ দেখান চাষিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। পরে সেখানে যান প্রশাসনের আধিকারিকরা। চাষিদের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। অশান্তির জেরে বেশ কিছুক্ষণ ধান কেনা বন্ধ হয়ে যায়। পরে তা শুরু হয়। 
Advertisement
গত বেশ কয়েকদিন ধরে ইলামবাজার ব্লকের কৃষক বাজারে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা চলছে। অভিযোগ, এদিন এলাকার বেশ কয়েকটি গ্রামের চাষিদের কাছ থেকে ধান কেনার সময় অতিরিক্ত ধলতা নেওয়া হচ্ছিল। জানা গিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী তিন-চার কেজি ধলতা নেওয়া যেতে পারে। কিন্তু পাঁচ-সাত কেজি ধলতা নেওয়া হচ্ছিল। তার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাষিরা। যার জেরে ধান কেনা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কৃষক বাজারে আসে পুলিস ও প্রশাসনের আধিকারিকরা। চাষি ও রাইসমিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হয়। জানা গিয়েছে, ধান পরিমাপের পর গুণমান বিচার করে ধলতা নেওয়া হবে। সেবিষয়ে সকলেই সম্মতি দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও কৃষকবাজার কর্তৃপক্ষ অবশ্য অতিরিক্ত ধলতা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
ইলামবাজার কৃষকবাজারের তরফে অভয়কুমার মণ্ডল বলেন, ধান কেনার ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছিল। তা পরবর্তীতে মিটে যায়। সরকারি নিয়ম অনুযায়ী সবকিছু হয়েছে।
সম্পর্কিত সংবাদ