সংবাদদাতা, বোলপুর: শনিবার সকালে বীরভূমের ইলামবাজার থানা এলাকায় পথদুর্ঘটনা ঘটল। ওই থানার ঘুড়িষা পঞ্চায়েতে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর খাদিমপুকুরের মোড়ের কাছে একটি বাইকের সঙ্গে ১০চাকার ট্রাকের ধাক্কা লেগে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ওই ট্রাকে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে। ট্রাকের তলায় পড়ে বাইকচালক গুরুতর জখম হন। পুলিস ও স্থানীয়রা তাঁকে ইলামবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছেন। তাঁর অবস্থা স্থিতিশীল।
Advertisement
পুলিস জানিয়েছে, খালি ট্রাকটি ইলামবাজার থেকে মহম্মদবাজারের উদ্দেশে যাচ্ছিল। বাইকটি ইলামবাজারের দিকে আসছিল। মুখোমুখি সংঘর্ষ হলে বাইকটি ট্রাকের নীচে ঢুকে যায়। রাস্তার সঙ্গে বাইকের ঘর্ষণের জেরে আগুন লেগে যায়। মুহূর্তেই পেট্রলের ট্যাঙ্কে আগুন লেগে যাওয়ায় ট্রাকটি জ্বলতে থাকে। খবর পেয়ে ইলামবাজার থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। তবে পুলিসের তৎপরতায় পরিস্থিতি তাড়াতাড়ি স্বাভাবিক হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে ইলামবাজার থানার পুলিস তদন্তে নেমেছে।



