সংবাদদাতা, মানকর: ঘোষণার ঢক্কানিনাদই সার। বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী অবৈধ বালির কারবার বন্ধে কড়া বার্তা দিলেও পরিস্থিতি কিন্তু বদলায়নি। গলসি এক ব্লকের চাকতেঁতুল পঞ্চায়েতে বেআইনি বালি পাচার চলছেই। বৃহস্পতিবার দামোদর নদের ঘাট থেকে বালি সরষের জমির উপর দিয়ে মূল রাস্তায় নিয়ে আসার অভিযোগ উঠল গলসি-১ ব্লকের চাকতেঁতুল পঞ্চায়েতের সাঁকুড়ি গ্রামে। এলাকার বাসিন্দা পীযূষ কারক পঞ্চায়েতে অভিযোগ দায়ের করেন। যদিও পঞ্চায়েত প্রধান ক্ষেত্রনাথ বাগদি বলেন, বিষয়টি জানা নেই। তবে অভিযোগপত্র পেয়েছি। প্রশাসনিক ভাবে সবদিক দেখা হবে। বিজেপির পঞ্চায়েত দুর্নীতি বরদাস্ত করবে না।
বুদবুদের চাকতেঁতুল পঞ্চায়েতের রণডিহার পাশ দিয়ে দামোদর বয়ে গিয়েছে। এখানে রয়েছে একটি লকগেট। রয়েছে ফেরিঘাট। প্রতিদিন নদ পেরিয়ে দুই জেলার মানুষ যাওয়া-আসা করেন। এই দামোদর নদকে কেন্দ্র করেই চলে অবৈধ বালির যাবতীয় কারবার। অভিযোগ, এই এলাকার দামোদর থেকে অবৈধ ভাবে বালি তোলা হয়। তারপর তা বিভিন্ন জায়গায় পাচার করে দেওয়া হয়। গত বছর সাঁকুড়ি গ্রামে দামোদর থেকে বালি প্রধান রাস্তায় আনার জন্য জমির উপর তৈরি হচ্ছিল রাস্তা। সেই রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের রক্তপাতের ঘটনা ঘটে। তাছাড়া বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত দামোদর ঘাটে অবৈধ বালির কারবার দেখে পুলিশ তা রুখে দাঁড়িয়েছিল। কিন্তু বালি মাফিয়াদের হাতে আক্রান্ত হতে হয়েছিল সোনামুখী থানার কয়েক জন পুলিশ কর্মীকে। সেই ঘটনায় পুলিশ এই এলাকার ৩৮ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ, বারবার বিভিন্ন ঘটনার পরেও বালি পাচারের রমরমা কমেনি। পীযূষবাবু বলেন, আমি মাঠে সরিষা লাগিয়েছি। ওদের বলেছিলাম এদিকে রাস্তা করতে দেব না। কিন্তু গায়ের জোরে রাতের অন্ধকারে একাজ হয়েছে। বীজ নষ্ট হয়েছে। আমরা চাই অবৈধ কারবার বন্ধ হোক।
তাঁর আরও অভিযোগ, বাঁকুড়ার চালান দিয়ে এখানে বালি তোলা হচ্ছে। বুদবুদ থানাতেও জানিয়েছি। এলাকার বাসিন্দাদের একাংশ বলেন, তৃণমূল আমলে বালির যে অবৈধ রমরমা ছিল তা এখনও রয়েছে। মুখ্যমন্ত্রী এই অবৈধ কারবার বন্ধ করার কথা বললেও তা হচ্ছে না। এমনকি, প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের প্রশ্ন, অবৈধ চালান দেখিয়ে এই কারবারে রমরমা হচ্ছে দেখেও প্রশাসন চুপ করে রয়েছে কেন? গলসি-১ ব্লকের বিএলআরও কৌশিক বন্দ্যোপাধ্যায় জানান, কোনো লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সিপিএম নেতা হারাধন ঘোষ বলেন, তৃণমূল ও বিজেপি একই দল। বালিঘাট বন্ধ হলে ওদের দলই উঠে যাবে। কংগ্রেস নেতা পূরব বন্দ্যোপাধ্যায় বলেন, প্রশাসন তৎপর না হলে একাজ বন্ধ হবে না। বিজেপি নেতা গৌতম চক্রবর্তী বলেন, বালি মাফিয়ারা চিরকাল সুযোগসন্ধানী। নতুন সরকার আসার পর কয়েকদিন চুপ থাকলেও এখন ফের কাজ শুরুর চেষ্টা করছে। পুলিশের কড়া নজরদারি চাই।



