গ্যাংটক ও বেঙ্গালুরু: বেআইনি বেটিং চক্রের কিংপিন! ইডির জালে কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কে সি বীরেন্দ্র ‘পাপি’। উদ্ধার ‘টাকার পাহাড়’। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে অভিযুক্ত বিধায়ককে অর্থ তছরুপের অভিযোগে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এজেন্সি। তদন্তের অঙ্গ হিসেবে শুক্র ও শনিবার একাধিক রাজ্যের মোট ৩১ জায়গায় তল্লাশিও চালিয়েছে ইডি। উদ্ধার হয়েছে নগদ ১২ কোটি টাকা (এর মধ্যে এক কোটি টাকার বিদেশি মুদ্রা), ৬ কোটি টাকার সোনার গয়না, ১০ কেজি রুপোর গয়না, একই ভিআইপি নম্বরের (০০৩) চারটি বিলাসবহুল গাড়ি। তদন্তকারীরা জানিয়েছেন, বেআইনি বেটিংয়ের বিশাল নেটওয়ার্কের পর্দাফাঁস হয়েছে। এর সঙ্গে দুবাই থেকে কাজ চালানো আন্তর্জাতিক ক্যাসিনো ও গেমিং চক্রের যোগসূত্রও পাওয়া গিয়েছে।
৫০ বছর বয়সি বীরেন্দ্র কর্ণাটকের চিত্রদুর্গের বিধায়ক। ইডি জানিয়েছে, বেআইনি অনলাইন ও অফলাইন বেটিং চক্রের মামলায় শুক্রবার গ্যাংটক থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। একটি ক্যাসিনোর লিজ সংক্রান্ত আলোচনা চালাতে ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে গ্যাংটকে গিয়েছিলেন এই কংগ্রেস নেতা। ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করে বীরেন্দ্রকে ট্রানজিট রিমান্ডে কর্ণাটকে নিয়ে যাওয়া হয়েছে। এই মামলায় দু’দিন ধরে তল্লাশি চলেছে সিকিম, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ ও গোয়া সহ বিভিন্ন রাজ্যে। এর মধ্যে গোয়ার পাঁচটি ক্যাসিনো রয়েছে। তদন্ত চালাচ্ছে ইডির বেঙ্গালুরু জোন। গ্রেপ্তারির এই ঘটনা নিয়ে বিধায়কের আইনি টিম বা কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
ইডি সূত্রে খবর, সম্পত্তি সংক্রান্ত বহু নথি উদ্ধার হয়েছে ধৃত বিধায়কের ভাই কে সি নাগরাজ ও ভাইপো পৃথিবী এন রাজের ঠিকানা থেকে। দুবাই থেকে অলনাইন গেমের চক্র চালান বীরেন্দ্রর আর এক ভাই কে সি থিপ্পেস্বামী। ইডি জানিয়েছে, ধৃত কংগ্রেস বিধায়ক কিং ৫৬৭, রাজা ৫৬৭, পাপি’স ০০৩, রত্না গেমিং সহ বিভিন্ন অনলাইন বেটিং সাইট চালাতেন। বীরেন্দ্রর ভাই থিপ্পেস্বামী দুবাই থেকে ডায়মন্ড সফ্টটেক, টিআরএস টেকনোলজিস ও প্রাইম৯ টেকনোলজিস নামে তিনটি সংস্থা চালান। কল সেন্টারের আড়ালে দুবাইয়ের ওই সংস্থাগুলির মাধ্যমে বীরেন্দ্র গেমিং ব্যবসা চালাচ্ছিলেন বলে দাবি তদন্তকারীদের। তল্লাশি চলাকালীন ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও দু’টি লকার বাজেয়াপ্ত করা হয়েছে।