Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কোচ যেখানে চাইবেন সেখানেই খেলব: রবসন

আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে গোকুলাম কেরালার বিরুদ্ধে দুরন্ত ফুটবল মেলে ধরেছিলেন রবসন রবিনহো। কিন্তু পরের দু’ম্যাচে সেই ছন্দে পাওয়া যায়নি ব্রাজিলিয়ান ফুটবলারকে।

কোচ যেখানে চাইবেন সেখানেই খেলব: রবসন
  • ২২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে গোকুলাম কেরালার বিরুদ্ধে দুরন্ত ফুটবল মেলে ধরেছিলেন রবসন রবিনহো। কিন্তু পরের দু’ম্যাচে সেই ছন্দে পাওয়া যায়নি ব্রাজিলিয়ান ফুটবলারকে। সবুজ-মেরুন জার্সিতে নামের প্রতি সুবিচার করতে মরিয়া রবসন। তাই পাখির চোখ করেছেন সুপার কাপকে। 

Advertisement

বৃহস্পতিবার গোয়া উড়ে যাবে মোলিনা ব্রিগেড। ২৫ অক্টোবর প্রথম ম্যাচ। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। সল্টলেকে চলছে জোর কদমে অনুশীলন। মঙ্গলবারের প্র্যাকটিসে উইং প্লে’র উপর বাড়তি জোর দিয়েছিলেন কোচ। দলের সঙ্গে পুরোদমে গা ঘামালেন ব্রাজিলিয়ান অ্যাটাকার রবসন। অনুশীলন শেষে তাঁর মন্তব্য, ‘শিল্ডের সাফল্য সুপার কাপের আগে দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে।’ ভারতে আসার আগে শেষবার ম্যাচ খেলেছিলেন মে মাসে। ফলে ফিটনেসে কিছুটা সমস্যা হচ্ছে। সুপার কাপের আগে তা কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান মিডিও। তাঁর কথায়, ‘ম্যাচফিট হওয়ার জন্য গেমটাইম দরকার ছিল। শিল্ডে সেই সুযোগ পেয়েছি। আশা করছি সুপার কাপে সেরাটা উজাড় করে দিতে পারব। প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ। তাছাড়া চেন্নাইয়ান আমার কাছে অচেনা। প্রতিপক্ষ সম্পর্কে তথ্য দিয়ে সাহায্য করছে সতীর্থরা।’
মোহন বাগানের আক্রমণভাগ সোনায় বাঁধানো। ম্যাকলারেন, কামিংস, দিমিত্রি ও রবসন। তবে সুপার কাপে চার বিদেশি ব্যবহার করতে পারবে প্রতিটি দল। তাই প্রথম একাদশে জায়গা পাওয়ার লড়াই অনেক বেশি। ব্রাজিলিয়ান মিডিও যদিও বিষয়টি উপভোগ করছেন। তাঁর মন্তব্য, ‘উইংয়ের পাশাপাশি মিডফিল্ডেও খেলতে পারি। কোচ যখন যেভাবে আমায় ব্যবহার করতে চাইবেন, সেভাবেই নিজেকে মেলে ধরার চেষ্টা করব।’ 
দু’দিন ছুটি কাটিয়ে ফুটবলাররা বেশ ফুরফুরে মেজাজে। তবে স্প্যানিশ কোচ সতর্ক। প্রথমে ফিটনেস ড্রিলের উপর জোর দিয়েছিলেন মোলিনা। শিল্ড জিতলেও অনেক খামতি ধরা পড়েছে দলের খেলায়। সুপার কাপে নামার আগে আপাতত তা কাটিয়ে ওঠাই লক্ষ্য সবুজ-মেরুন শিবিরের।

Advertisement
সম্পর্কিত সংবাদ