নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় খেলার মান উন্নয়নের লক্ষ্যে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএকে দিয়ে ফুটবল কোচিং অ্যাকাডেমি চালু করল প্রশাসন। শুক্রবার বর্ধমান শহরের স্পন্দন কমপ্লেক্সে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। জেলাশাসক আয়েশা রানি এ কয়েক মাস আগে কোচিং অ্যাকাডেমি চালুর উদ্যোগ নিয়েছিলেন। তাঁর প্রচেষ্টাতেই এটি চালু হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। আইএফএর কর্তারাও এদিন উপস্থিত ছিলেন।
স্বপনবাবু বলেন, বর্ধমান জেলা থেকে অনেক বড় বড় ফুটবলার দেশের বিভিন্ন ময়দান কাঁপিয়েছেন। আগামী দিনেও নতুন নতুন ফুটবলার উঠে আসবে। সরকার খেলার প্রসারের জন্য পরিকাঠামো উন্নয়ন করছে। বিভিন্ন জায়গায় স্টেডিয়াম তৈরি হচ্ছে। জেলার মেয়েরাও ফুটবল খেলছেন। মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জেলার ছেলেমেয়েদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে বলবো, সরকার পাশে রয়েছে।
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, জেলাশাসক উদ্যোগ নিয়ে কোচিং অ্যাকাডেমি করেছেন। কোচিং নিয়ে এখানকার ছেলেরা ভালো ফুটবলার তৈরি হবে। পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারও এই উদ্যোগের প্রশংসা করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার বিভিন্ন প্রান্তের যুবকরা আইএফএ কোচিং অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নিতে পারবেন। ধাপে ধাপে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা প্রশাসনের উদ্যোগে খুশি ফুটবলার ও ফুটবলপ্রেমীরা। জেলায় ফুটবল খেলার চল বহুদিন ধরে রয়েছে। তাঁদের অনেকেই রাজ্যস্তরে খেলছেন। এমনকী, জেলার মেয়েরাও বিভিন্ন রাজ্যে গিয়ে ফুটবলের ময়দান কাঁপাচ্ছে। নিজস্ব চিত্র