Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির নাম করে কেউ টাকা তোলার চেষ্টা করলে তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ করুন আর্জি দলের আলিপুরদুয়ার জেলা সভাপতির

বিজেপির নাম করে জেলার বিভিন্ন এলাকায় টাকা তোলার চেষ্টা চলছে

বিজেপির নাম করে কেউ টাকা তোলার চেষ্টা করলে তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ করুন আর্জি দলের আলিপুরদুয়ার জেলা সভাপতির
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিজেপির নাম করে জেলার বিভিন্ন এলাকায় টাকা তোলার চেষ্টা চলছে। এভাবে বিজেপির নাম করে কেউ টাকা তোলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে জেলাবাসীকে পুলিশে যাওয়ার নিদান দিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস। রবিবার শহরে দলের জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে জেলাবাসীকে এই পরামর্শ দিলেন বিজেপির জেলা সভাপতি। 

Advertisement

তিনি বলেন, ৪ তারিখের পর অনেকেই গেরুয়া হয়েছে। যারা কোনো দিন ভারতীয় জনতা পার্টির ঝান্ডা হাতে নেয়নি, তারাই বিজেপির নাম করে কাউকে প্রলোভন দেখিয়ে মিথ্যা বলে টাকা তোলার চেষ্টা করছে। বিজেপি এই সমস্ত বেআইনি কাজকর্মকে মান্যতা দেয় না। আমি জেলাবাসীকে বলছি এভাবে বিজেপির নাম করে কেউ যদি টাকা তোলার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। আইনের সহায়তা নিন। এসব বেআইনি কাজে রাজনৈতিক রং দেখা হবে না। পুলিশকে প্রশাসনকে জানালে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেবে। আমি ব্যবসায়ী, রিসর্ট, লজ ও  ঠিকাদার সংস্থা সহ জেলার সমস্ত মহলের কাছে এই আবেদন জানাচ্ছি। 
বিজেপির জেলা সভাপতি আরও বলেন,  ৪ তারিখ দুপুর ১২টার পর থেকে অনেকেই তৎকাল বিজেপি হয়েছে। তৎকাল বিজেপি সাজার ভান করছে। তাদের দিক থেকেও সাধারণ মানুষ বা দলের কর্মীরা সতর্ক থাকুন। এদিন সাংবাদিক সম্মেলনে শালকুমারে শিসামারা নদীবাঁধ প্রসঙ্গে মিঠু দাস বলেন, গত বছর এই নদীবাঁধ ভেঙেছিল। বিগত সরকারের আমলে সেখানে বাঁধ তৈরি হয়েছিল। এই বাঁধ তৈরিতে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি খুঁজে বের করা হবে। রাজ্যে আমাদের সরকার ক্ষমতায় এসেছে। এবার শিসামারায় বাঁধ তৈরি হবে। শিসামারায় অনেক রিসর্ট, হোমস্টে ও লজ আছে। শিসামারার পর্যটন ক্ষেত্রের উন্নয়নে এবার আমাদের সরকার কাজ করবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ