সংবাদদাতা, সিউড়ি: সাঁইথিয়ার সাংড়ায় সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে দু’পক্ষের বিবাদের জেরে উপপ্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। যদিও ওই ঘটনায় পুলিসের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোলপূর্ণিমার দিন সাংড়া পঞ্চায়েতের নানু বাজার গ্রামের কয়েকজন কচিকাঁচা ও যুবক সরস্বতী প্রতিমা বিসর্জন করছিল। সেই সময় নিজেদের মধ্যে গান বাজানোকে কেন্দ্র করে ঝামেলা হয়। ধাক্কাধাক্কিতে একজনের মাথায় সামান্য আঘাত লাগে। ওই বিসর্জনে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিল স্থানীয় সাংড়া পঞ্চায়েতের উপপ্রধান কিরীটী হাজরার ছেলেও। ওই ঘটনার পর কয়েকজন উত্তেজিত যুবক কিরীটীবাবুর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতৃত্ব বিষয়টি মিটমাট করে নেয়।



