সংবাদদাতা, দিনহাটা: জমি সংক্রান্ত নানা পরিষেবা নিতে বিএলআরও অফিসে এসে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। অভিযোগ, দিনহাটা-১ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দীর্ঘদিন ধরেই দালালচক্র সক্রিয়। জমির মিউটেশন, জমির শ্রেণি পরিবর্তন কিংবা রেকর্ড সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য মোটা টাকা নিচ্ছে এই চক্র। এমনকী, কারও নামের জমি অন্য কারও নামে করে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে। নিচু জমি বা বাগানবাড়ি নিমেষে হয়ে উঠছে বাস্তুজমি। অভিযোগ, এসব কিছুই চলছে একশ্রেণির সরকারি কর্মচারীর মদতে। আর এসব রুখতেই সচিত্র পরিচয়পত্র দেখিয়ে এখন প্রবেশ করতে হচ্ছে বিএলআরও অফিসে।
সাধারণ মানুষের অজ্ঞতা ও অসহায়তার সুযোগ নিয়ে এই দালালরা প্রতারণার ফাঁদে ফেলে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। দিনহাটা-১ ব্লকে সম্প্রতি এই দালালচক্রের দৌরাত্ম্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একদল স্থানীয় বাসিন্দা অফিসের সামনে বিক্ষোভও দেখান। এরপরেই ভূমিদপ্তরের তরফে নেওয়া হয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
দপ্তর সূত্রে খবর, এখন থেকে সচিত্র পরিচয়পত্র ছাড়া কেউই অফিসে প্রবেশ করতে পারবেন না। মূলত দালালদের অফিসে প্রবেশ রুখতেই এই সিদ্ধান্ত। বিএলআরও দপ্তরের গেটেই এখন নিযুক্ত রয়েছেন মহিলা কর্মীরা। পরিচয়পত্র যাচাইয়ের পরই সাধারণ মানুষ অফিসে প্রবেশ করতে পারছেন। কেউ যদি অন্যের হয়ে কাজ করাতে আসেন বা নিজস্ব জমি সংক্রান্ত নথিপত্র না থাকে, তাহলে বিষয়টি সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।
দিনহাটা-১ ব্লকের বিএলআরও কল্যাণকুমার নাথ বলেন, আমরা চাই সাধারণ মানুষ দালালের মাধ্যমে না এসে নিজেরাই সরাসরি আমাদের অফিসে আসুন। সচিত্র পরিচয়পত্র দেখিয়ে নিজের জমির সমস্যা নিয়ে যোগাযোগ করলে দ্রুত পরিষেবা পাওয়া যাবে। দালালদের অফিসে ঢোকা নিষিদ্ধ। এটা কড়াভাবে আমরা কার্যকর করছি।