সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে  ‘আদর্শ সৌর গ্রাম’ প্রতিযোগিতা, লড়াইয়ে শামিল নদীয়ার ১৩টি গ্রাম
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অগ্নিভ ভৌমিক, কৃষ্ণনগর: বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানোর জন্য কেন্দ্রীয় সরকারের পিএম সূর্য ঘর, ফ্রি বিজলি যোজনা চালু হলেও গ্রামাঞ্চলে সেই পরিকল্পনা কতটা গতি পেয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরমধ্যেই সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়াতে এবার গ্রামগুলির মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের আওতায় ‘আদর্শ সৌর গ্রাম’ নির্বাচনের জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হয়েছে প্রস্তাবিত আদর্শ কার্যপ্রণালী (এসওপি)। নদীয়া জেলায় প্রাথমিকভাবে ১৩টি গ্রামকে এই প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়েছে। ছ’মাসের নির্দিষ্ট সময়সীমায় সৌরবিদ্যুতের ব্যবহার ও পরিকাঠামো গড়ে তোলার নিরিখে এগিয়ে থাকা গ্রামই পাবে ‘আদর্শ সৌর গ্রাম’-এর তকমা। প্রতিটি জেলা থেকে একটি করে গ্রাম চূড়ান্তভাবে নির্বাচিত হবে।

Advertisement

মূলত সৌরবিদ্যুতের ব্যবহারকে বাড়ির ছাদে বিদ্যুৎ উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে গ্রামের সামগ্রিক বিদ্যুৎ পরিকাঠামো, কৃষি, স্বাস্থ্য পরিষেবা এবং জীবিকার সঙ্গে যুক্ত করাই এই কর্মসূচির লক্ষ্য। তবে পিএম সূর্য ঘর যোজনায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোও এর অন্যতম উদ্দেশ্য। সেই কারণে প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রকল্পের পোর্টালে জমা পড়া আবেদনের সংখ্যাকে।
প্রস্তাবিত মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী, মোট ১০০ নম্বরের ভিত্তিতে গ্রামগুলির মধ্যে প্রতিযোগিতা হবে। এর মধ্যে পিএম সূর্য ঘর পোর্টালে সংশ্লিষ্ট গ্রামের রাজস্ব সীমানার মধ্যে থাকা গ্রাহকদের জমা দেওয়া আবেদনের জন্য বরাদ্দ সর্বোচ্চ ৬৬ নম্বর। অর্থাৎ, যে গ্রামে এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা বেশি, সেই গ্রাম নম্বরের দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণকেই কার্যত প্রতিযোগিতার প্রধান মাপকাঠি করা হয়েছে।
এ ছাড়াও সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য কোনও ব্যক্তি বা ব্যক্তিবর্গ স্বেচ্ছায় অন্তত এক বিঘা অবিচ্ছিন্ন ও উপযুক্ত জমি দান করলে মিলবে ১২ নম্বর। প্রতিযোগিতার সময়কালে গ্রামে স্থাপিত সৌরচালিত পথবাতির সংখ্যার ভিত্তিতেও সর্বোচ্চ ১২ নম্বর দেওয়া হবে। পাশাপাশি কোনও গ্রামে অভিনব পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প বা এমন কোনও উদ্যোগ নেওয়া হলে, যা সরাসরি ওই গ্রামের বাসিন্দাদের উপকৃত করবে, তার জন্য জেলা স্তরের কমিটি সর্বোচ্চ ১০ নম্বর দিতে পারবে। নির্ধারিত শর্ত পূরণ না হলে জমি দানের ক্ষেত্রে কোনও নম্বরও পাওয়া যাবে না।
প্রতিযোগিতার জন্য নদীয়ার ১৩টি গ্রামকে চিহ্নিত করা হয়েছে। তালিকায় রয়েছে চাকদহ ব্লকের একটি গ্রাম, হরিণঘাটার সেকেন্দারপুর, কৃষ্ণনগর-১ ব্লকের আমঘাটা ও ভালুকা, কৃষ্ণনগর-২ ব্লকের সোনাতলা ও তাতলা, কৃষ্ণগঞ্জের চাঁদনগর, নবদ্বীপের পানশিলা, নাকাশিপাড়ার চাক হাতিসালা, রানাঘাট-২ ব্লকের আইসমালি এবং শান্তিপুর ব্লকের বাগানছড়া, চাঁদরা ও গোবিন্দপুর। এই গ্রামগুলিকে কেন্দ্র করেই আগামী ছ’মাসে সৌরবিদ্যুতের পরিকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুধু বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোই নয়, এই কর্মসূচিতে একাধিক ধরনের প্রকল্প বাস্তবায়নের সুযোগ রয়েছে। সরকারি ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ব্যাটারি-সহ বা ব্যাটারি ছাড়া কমিউনিটি সৌরবিদ্যুৎ কেন্দ্র, সৌরচালিত পথবাতি, কৃষিকাজে সৌর পাম্প, স্বনির্ভর গোষ্ঠীর জীবিকাভিত্তিক কাজে সৌরচালিত ড্রায়ার, তাঁত ও কোল্ড স্টোরেজের মতো পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য পরিষেবায় সৌরশক্তিচালিত হিমঘর ও কোল্ড চেন ব্যবস্থার পাশাপাশি কমিউনিটিস্তরে বায়োগ্যাস ও বিকল্প রান্নার জ্বালানির ব্যবস্থাও প্রকল্পের আওতায় আনা যেতে পারে।
কমিউনিটি ও সরকারি পরিকাঠামোভিত্তিক প্রকল্পের ক্ষেত্রে এক কোটি টাকা পর্যন্ত ১০০ শতাংশ কেন্দ্রীয় আর্থিক সহায়তার সংস্থান রয়েছে। স্বনির্ভর গোষ্ঠী ও সমবায় সংস্থার প্রকল্পে মোট খরচের ১০ শতাংশ সংশ্লিষ্ট সংস্থাকে দিতে হবে, বাকি ৯০ শতাংশ মিলবে কেন্দ্রীয় সহায়তায়। তবে ব্যক্তিগত উপভোক্তারা এই ডিপিআরের আওতায় সরাসরি আর্থিক সহায়তা পাবেন না।