দুবাই: মাঠের লড়াইয়ে মুখ পুড়েছিল আগেই। এবার হ্যান্ডশেক বিতর্কে আইসিসি’র কাছে ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত রবিবার দুবাইয়ে ভারত-পাক ম্যাচে টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নাকি দুই দলের অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়েছিলেন। এই অভিযোগ তুলে আইসিসি’র কাছে তাঁকে সরানোর দাবি জানিয়েছিল পিসিবি। এমনকী হুমকি দেওয়া হয়েছিল, ম্যাচ রেফারিকে না সরালে এশিয়া কাপ বয়কট করবে পাকিস্তান।
চব্বিশ ঘণ্টা ঘুরতে না ঘুরতেই আইসিসি অবস্থান স্পষ্ট করে দিয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, ম্যাচ রেফারি পাইক্রফটকে সরানো হবে না। এক্ষেত্রে যুক্তি খাড়া করা হয়েছে, প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করা বা সৌজন্য দেখানো ক্রিকেটীয় রীতির মধ্যে পড়ে। এটা বাধ্যতামূলক নয়। তাই পাইক্রফট নিয়মবিরুদ্ধ কাজ করেননি। শাস্তির দাবি মানা না হলে এশিয়া কাপ থেকে দল তুলে নেওয়ার হুমকি দিয়েছিল পাকিস্তান। তবে পিসিবি সেই পথে হাঁটতে পারবে না। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি খোদ মহসিন নাকভি। তিনি আবার পিসিবি চেয়ারম্যান। তাঁর দেশ যদি টুর্নামেন্ট বয়কট করে, তাহলে তাঁর শুধু মাথা হেঁট হবে না, পাকিস্তান কড়া শাস্তির মুখে পড়বে।