রাঁচি, ১৪ নভেম্বর: হাওড়া-জামালপুর এক্সপ্রেসে ভয়ঙ্কর ঘটনা! ট্রেনের এসি কোচে দুঃসাহসিক চুরি ও ছিনতাইয়ের শিকার হলেন এক মহিলা যাত্রী। মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেয় দুষ্কৃতী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই মহিলা হাউহাউ করে কাঁদছেন। তিনি বলছেন, ‘এখানে কোনো নিরাপত্তা ছিল না। সাহেবগঞ্জে চলন্ত ট্রেনে আমার সমস্ত জিনিস ছিনতাই করা হয়েছে। তার মধ্যে আমার সোনার হার ও পাসপোর্ট ছিল।’ এর পরেই হাউহাউ করে কেঁদে ওঠেন। কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, ‘কেউ ছিল না, কেউ না। ভারতীয় রেলে কোনো নিরাপত্তা নেই। কোনো পুলিশ আধিকারিকও ছিলেন না। অভিযোগ জানানোর উপায়ও ছিল না। কার থেকে সাহায্য চাইব?’
তিনি দাবি করেছেন, ১৩০৭১ নম্বর ট্রেনটিতে এই ঘটনা ঘটেছে। তিনি এসি টু-টায়ারের এ-ওয়ান কোচে সফর করছিলেন। তাঁর সিট নম্বর ছিল ৫১। ওই মহিলার আরও দাবি, শুধু তাঁদের কামড়া নয়, পাশের কামরাতেও একই ঘটনা ঘটেছে। নিরাপত্তা নিয়ে বড়ো প্রশ্ন তুলেছেন ওই মহিলা। অভিযোগ করেন, ‘এত টাকা দিয়ে আমরা টিকিট কিনি। সেখানে কে দায় নেবে? এই অবস্থা ভারতীয় রেলের? এভাবে আপনারা রাতে একজন মহিলাকে নিরাপত্তা দেবেন?’
হাওড়া থেকে ভাগলপুর যাচ্ছিলেন ওই মহিলা যাত্রী। তাঁর দাবি, ‘ব্যাগে প্রচুর সোনার গয়না ছিল। তখন রাত আড়াইটে কিংবা তিনটে বাজে। আমার হাত থেকে ব্যাগ কেড়ে, দরজা খুলে জঙ্গলের দিকে পালিয়ে যায় দুষ্কৃতী। পুলিশ বা সিআরপিএফ, কেউ ছিলেন না। চারপাশ পুরো অন্ধকার ছিল। আমি কিছু বললেই ছুরি দিয়ে আঘাত করে দিত।’
পুরো ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। আতঙ্কে রয়েছেন সেই কামড়ার বাকি যাত্রীরাও। তাঁরাও রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রেনের আরও এক মহিলা যাত্রী বলেন, ‘সিআরপিএফ কিছু করে না, শুধু ঘুমোয়।’



