Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘সুখের পায়রাদের আটকাব না’, অভিমানী সুর তৃণমূল দলনেত্রীর

দলের স্বার্থে আদর্শবান ও প্রকৃত কর্মী কে, তার উত্তর দেয় সময়। বর্তমান কঠিন পরিস্থিতিতে দলের প্রকৃত কর্মীদের নিয়ে সংগঠন সাজিয়ে পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বৈঠকে মমতা স্পষ্ট করে দিলেন, আমার উপর যাঁরা আস্থা রাখেন, তাঁরা ঐক্যবদ্ধ থাকুন। ঘুরে আমরা দাঁড়াবই।

‘সুখের পায়রাদের আটকাব না’, অভিমানী সুর তৃণমূল দলনেত্রীর
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের স্বার্থে আদর্শবান ও প্রকৃত কর্মী কে, তার উত্তর দেয় সময়। বর্তমান কঠিন পরিস্থিতিতে দলের প্রকৃত কর্মীদের নিয়ে সংগঠন সাজিয়ে পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বৈঠকে মমতা স্পষ্ট করে দিলেন, আমার উপর যাঁরা আস্থা রাখেন, তাঁরা ঐক্যবদ্ধ থাকুন। ঘুরে আমরা দাঁড়াবই।

Advertisement

৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে দেখা গিয়েছে, প্রতিদিনই তৃণমূলের উপর চাপ বাড়াচ্ছেন দলের একাধিক নেতা। কেউ পদ ছেড়ে দিচ্ছেন। কেউ আবার দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন। আবার পুরসভার কাউন্সিলাররা ইস্তফা দিচ্ছেন। হালিশহর, কাঁচড়াপাড়া, নৈহাটি, গাড়ুলিয়া, উত্তর বারাকপুর, ডায়মন্ডহারবার পুরসভার কাউন্সিলরদের পর্যায়ক্রমে ইস্তফা দিতে দেখা গিয়েছে। ঠিক এই সময়ে সোমবার কালীঘাটে নিজের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে কাউন্সিলারদের নিয়ে বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানগর, বরানগর, দমদম, উত্তর দমদম ও দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সভাপতি মদন মিত্র, দমদমের প্রাক্তন বিধায়ক ব্রাত্য বসু হাজির ছিলেন বৈঠকে। তবে আসেননি উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস। তিনি জানিয়েছেন, জন্ডিসে অসুস্থ।
তবে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে অনেক নেতাই তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছেন। এদিন বৈঠকে মমতা বলেছেন, তৃণমূলের সুখের সময় অনেকেই ছিলেন। এখন ছেড়ে চলে যাচ্ছেন। ওদের দলে রেখে কোনো লাভ নেই। আমি ওদের আটকাব না। যার ইচ্ছা চলে যাবে। কিন্তু আমার উপর আস্থা রেখে যাঁরা তৃণমূলে থাকবেন, তাঁরাই প্রকৃত কর্মী। তাঁদের নিয়ে আমি নতুন করে সংগঠন সাজাব। দলকে সংগঠিত করে ঘুরে দাঁড়াব। পাশাপাশি দলের কাউন্সিলারদের প্রতি মমতার নির্দেশ, সবাই ঐক্যবদ্ধ থাকুন। কর্মীদের পাশে থাকুন। আর ঘরছাড়াদের ঘরে ফেরানোর ব্যবস্থা করুন।
জানা গিয়েছে, ইদ মিটলে আন্দোলন কর্মসূচিতে নামবেন তৃণমূল নেত্রী। দিল্লিও যাবেন। এদিনের বৈঠকে নেতাদের মমতা জানিয়েছেন, কর্মসূচির রূপরেখা তৈরি হচ্ছে।
অন্যদিকে বিভিন্ন জায়গায় কাউন্সিলার ও নেতাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। এই প্রেক্ষাপটে মমতা নির্দেশ দিয়েছেন, দলের কাউন্সিলাররা ভয় পাবেন না। মানসিকভাবে চাঙা হোন। আইনি পথে লড়াই করুন। প্রতিবাদে রাস্তায় নামুন। 
এদিন একটি কমিটি তৈরি করে দিয়েছেন মমতা। কমিটিতে আছেন মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র, তাপস চট্টোপাধ্যায় ও সব্যসাচী দত্ত। পুরসভার কাউন্সিলার এবং কর্মীদের বিভিন্ন মামলার বিষয়গুলি দেখবে এই কমিটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ