নয়াদিল্লি: রাজধানী ও সংলগ্ন এলাকা থেকে পথ কুকুরদের সরিয়ে শেল্টারে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ নির্দেশ ঘিরে দেশজুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এমনই এক আবহে আসরে নামলেন স্বয়ং দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই। পথ কুকুরদের সংক্রান্ত বিষয় তিনি নিজে দেখবেন বলে বুধবার জানিয়েছেন।
কুকুরদের নিয়মিত নির্বীজকরণ এবং টিকাদানের আর্জি জানিয়ে একটি মামলা এদিন প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য উল্লেখ হয়েছিল। সেইসময় প্রধান বিচারপতি গাভাইকে বলতে শোনা যায়, বিষয়টি আমি নিজে দেখব। যদিও ২০২৪ সালের একটি মামলার পরিপ্রেক্ষিতে নাকি সর্বোচ্চ আদালতের সাম্প্রতিক রায়ের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এই মন্তব্য করেছেন, প্রাথমকিভাবে তা স্পষ্ট নয়।
পথ কুকুরদের নির্বীজকরণ এবং টিকাকরণের ক্ষেত্রে দিল্লি প্রশাসন উদাসীন অভিযোগ করে ২০২৪ সালে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আদালতে মামলা করে। মামলায় দাবি করা হয়েছে, প্রশাসনিক এই উদাসীনতার ফলে সাধারণ মানুষকে কুকুরের কামড়ের ঘটনা বাড়ছে। যার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের জুলাই মাসে নোটিস জারি করা হয়। এদিন শীর্ষ আদালতে মামলাটি আইনজীবী উল্লেখ করতেই প্রধান বিচারপতি বলেন, ‘অন্য একটি বেঞ্চ তো ইতিমধ্যেই পথ কুকুর সংক্রান্ত নির্দেশ জারি করেছে।’ তিনি নিজে বিষয়টি দেখছেন বলে জানান প্রধান বিচারপতি। যদিও মামলাটির শুনানির কোনও তারিখ স্থির হয়নি।