Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ময়নায় ২০২৬ সালে প্রার্থী হব আমিই, ৯৯.৯৯ শতাংশ কথা দিয়ে যাচ্ছি’! ঘোষণা করে দলকে বিড়ম্বনায় ফেললেন দিন্ডা

দলকে চ্যালেঞ্জ করে নিজেকে ময়না বিধানসভার ২০২৬ সালের প্রার্থী বলে ঘোষণা করে দিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্ডা।

‘ময়নায় ২০২৬ সালে প্রার্থী হব আমিই, ৯৯.৯৯ শতাংশ কথা দিয়ে যাচ্ছি’! ঘোষণা করে দলকে বিড়ম্বনায় ফেললেন দিন্ডা
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: দলকে চ্যালেঞ্জ করে নিজেকে ময়না বিধানসভার ২০২৬ সালের প্রার্থী বলে ঘোষণা করে দিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্ডা। ভারতীয় ক্রিকেট টিমের ওই প্রাক্তন সদস্য দলকে চাপে রাখতেই এই চাল দিলেন বলে অনেকেই মনে করছেন। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত ময়নায় বিজেপির প্রার্থী নিয়ে সংঘাত বেড়েছে। কারণ, ২০২১ সালে রেসে থেকেও প্রার্থী হতে পারেননি দলের নেতা চন্দন মণ্ডল। এবার তিনি লড়াইয়ে থাকতে ধারাবাহিক কর্মসূচি নিচ্ছেন। ক্লাব, পুজো কমিটিকে দেদার চাঁদা দিয়ে মাটি তৈরির কাজটা সেরে রাখছেন। আর তা বিলক্ষণ বুঝতে পেরে অশোক দিন্ডার সঙ্গে চন্দন মণ্ডলের ঝামেলা তুঙ্গে উঠেছে। দুই শিবির থেকে ময়নায় আলাদা আলদা কর্মসূচি নেওয়া হচ্ছে। এরকম অবস্থায় রবিবার বিজয়া সম্মিলনিতে উপস্থিত হয়ে বিজেপি বিধায়ক বলেন, বিজেপিতে কে কোথায় প্রার্থী হবেন, সেটা আগে থেকে ঠিক করা থাকে না। কিন্তু, ৯৯.৯৯ শতাংশ নিশ্চিত আমিই ময়নায় ২০২৬ সালের বিধানসভার প্রার্থী।

Advertisement

ভোটের আগে অশোক দিন্ডার এই ঘোষণা বিজেপি নেতৃত্বকে বিড়ম্বনায় ফেলে দিয়েছে। কারণ, এভাবে অন্যরাও নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলে তুমুল ঝামেলা তৈরি হবে। তাই ময়নার বিধায়কের এই বক্তব্যকে ভালো চোখে দেখছে না নেতৃত্ব। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে যাওয়ার পর অশোক দিন্ডা দলের মধ্যে আরও বেপরোয়া আচরণ করছেন বলে অভিযোগ। বেফাঁস মন্তব্য করার জন্য তাঁকে সতর্ক করতেও দল ভয় পাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে আর কোনও বিধায়ক যাতে দলত্যাগ না করেন সেই জন্য সতর্ক বিজেপি।
বর্তমানে ময়নায় বিজেপি দু’ভাগ হয়ে গিয়েছে। একপক্ষ তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সামনে রেখে কর্মসূচি নিচ্ছেন। তাঁরা মূলত বিধায়ক অশোক দিন্ডা বিরোধী শিবির হিসেবে পরিচিত। তাঁদের কোনও কর্মসূচিতে বিধায়ক ডাক পাচ্ছেন না। আবার, বিধায়ক শিবিরের আয়োজনে যেসব কর্মসূচি চলছে সেখানে সাংসদ অনুগামী হিসেবে পরিচিত আশিস মণ্ডল, চন্দন মণ্ডলরা ডাক পাচ্ছেন না। আবার, কখনও কখনও ডাক পেলেও ধারেকাছে যাচ্ছেন না।
রবিবার গোজিলাইক মোড়ে বিধায়ক ঘনিষ্ঠ জেলা পরিষদ সদস্য তথা মণ্ডল সভাপতি উত্তম সিংয়ের ডাকে বিজয়া সম্মিলনি ছিল। সেই সভায় অশোক দিন্ডা নিজেকে ২০২৬সালের ময়নার প্রার্থী হিসেবে ঘোষণা করেন। সেইসঙ্গে দলের বিক্ষুব্ধ অংশকে টার্গেট করে বলেন, আমাদের দলে কিছু কুটনীতির লোক আছেন, তাঁরা সবসময় তৃণমূলের সঙ্গে ভিড়ে থাকেন। 
বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি মলয় সিংহ বলেন, আগে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হোক। তারপর কে কোথায় প্রার্থী হবে, সেটা ঠিক হবে। 
তৃণমূল কংগ্রেস নেতা তথা ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাজাহান বলেন, বিজেপিতে চন্দন মণ্ডল টিকিট পাবেন নাকি বর্তমান বিধায়ক পাবেন তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। তবে যেই প্রার্থী হোক না কেন ২০২৬সালে ময়না বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জয় হবেই। গত সাড়ে চার বছরে ময়নার বিধায়ক এলাকার জন্য কিছু করেননি। তাই উপযুক্ত জবাব দিতে প্রস্তুত ময়নাবাসী।

Advertisement
সম্পর্কিত সংবাদ