‘আটবছর আরএসএস করেছি, শ্যামাপ্রসাদের মূর্তি বসাতেও উদ্যোগ নিয়েছি,’ দাবি কৃষ্ণেন্দুর
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: আটবছর আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) করেছি। শহরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসাতেও উদ্যোগ নিয়েছি। তৃণমূলের টিকিটে জেতা ইংলিশবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর এমন দাবি ঘিরে মালদহের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন ছড়িয়েছে। এনিয়ে অবশ্য পালটা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের তোপ, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পদ্ম শিবিরে নাম লেখানোর চেষ্টায় এসব বলছেন কৃষ্ণেন্দু। কিন্তু তাতে কোনো লাভ হবে না। 

Advertisement

রাজ্যে পালাবদলের পর তৃণমূলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে প্রকাশ্যে ঘোষণা করেন কৃষ্ণেন্দু। গত পয়লা নভেম্বর গনি খানের জন্ম শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে কোতোয়ালির বাড়িতে যান তিনি। গনির মাজারে ফুল দিয়ে বরকত সাহেবের প্রশংসায় পঞ্চমুখ হন। এমনকী গনি পরিবারের দুই সদস্য দক্ষিণ মালদহের সাংসদ ঈশা খান চৌধুরী ও প্রাক্তন সাংসদ মৌসম নূরের সঙ্গে আলাদাভাবে কথাবার্তা বলতেও দেখা যায় তাঁকে। যা নিয়ে জল্পনা ছড়ায়, গনি খানের একসময়ের ‘আস্থাভাজন’ কৃষ্ণেন্দু কি আবার কংগ্রেসে ফিরতে চলেছেন?
কিন্তু ওই ঘটনার রেশ না কাটতেই এবার কৃষ্ণেন্দুর নিজেকে বিজেপি ‘ঘনিষ্ঠ’ প্রমাণ করার চেষ্টা ঘিরে দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় লালকৃষ্ণ আদবানির শততম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কৃষ্ণেন্দু মনে করিয়ে দিয়েছেন, আদবানি যখন মালদহে এসেছিলেন, তখন ইংলিশবাজার পুরসভার কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন তিনি। সার্কিট হাউসে গিয়ে সেসময় আদবানিকে অভ্যর্থনা জানিয়েছিলেন।
প্রশ্নের উত্তরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংলিশবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, শহরের ফোয়ারা মোড়ে পোস্ট অফিসের পাশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি রয়েছে, সেটি বসানো হয় ২০০৩ সালে। আমি তখন তৃণমূলের পুর চেয়ারম্যান। পুরসভার তরফে কেন্দ্রের কাছ থেকে জায়গা কিনে, তার পর সেখানে ওই মূর্তি বসানো হয়। কৃষ্ণেন্দুর বক্তব্য, রাজনীতি করেই বড়ো হয়েছি। আমৃত্যু রাজনীতি করব। এখন তৃণমূলের সঙ্গে নেই। আগামী দিনে কোন দল করব, সেটা সময় হলেই সবাই দেখতে পাবেন। কিন্তু আমি যেমন কংগ্রেসের হয়ে উত্তর-পূর্ব ভারতের পর্যবেক্ষক ছিলাম, তেমনই টানা আটবছর আমি আরএসএস করেছি। ইংলিশবাজারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যাঁরা পুরনো রয়েছেন, সবাই সেটা জানেন। আবার জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক ছিল। বুদ্ধদেববাবু মারা যাওয়ার সময় আমি বিধানসভায় মালা দিয়েছি। 
আরএসএস করা নিয়ে কৃষ্ণেন্দুর দাবির পরিপ্রেক্ষিতে বিজেপির দক্ষিণ মালদহের সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, যিনি এসব বলছেন, তিনি কবে আরএসএস করেছেন, আমার জানা নেই। প্রশ্ন হল, তিনি যখন কংগ্রেস কিংবা তৃণমূল করলেন, তখন তাঁর আরএসএস করার কথা মনে পড়ল না, আজ হঠাৎ মনে পড়ছে কেন? অজয়ের তোপ, রাজ্যে যাঁরা ডিম থেরাপি খাওয়ার ‘যোগ্য’, তাঁরা বিজেপি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টায় অনেকেই অনেক কিছু দাবি করছেন, এসবে কোনো লাভ হবে না। 
শহরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসানো ঘিরে কৃষ্ণেন্দুর দাবির পরিপ্রেক্ষিতে বিজেপির মালদহ বিভাগের কনভেনর গোবিন্দচন্দ্র মণ্ডলের বক্তব্য, কৃষ্ণেন্দুবাবু কী দাবি করেছেন, বলতে পারব না। তবে সেসময় ভাইস চেয়ারম্যান ছিলাম আমি, এটুকু বলতে পারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসানো নিয়ে পুরসভার তৃণমূল কাউন্সিলাররাই প্রথমে বাধা দেন।