Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘আমি এখানেই থাকতে চাই’, পদপিষ্টে মৃত ছেলের কবর আঁকড়ে কান্না বাবার!

বিরাট কোহলিদের জয়ের উৎসবে শামিল হতে বাড়ি থেকে বেরিয়েছিল ২১ বছরের ভূমিক লক্ষ্মণ। তাঁর আর বাড়ি ফেরা হয়নি।

‘আমি এখানেই থাকতে চাই’, পদপিষ্টে মৃত ছেলের কবর আঁকড়ে কান্না বাবার!
  • ৮ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

বেঙ্গালুরু: বিরাট কোহলিদের জয়ের উৎসবে শামিল হতে বাড়ি থেকে বেরিয়েছিল ২১ বছরের ভূমিক লক্ষ্মণ। তাঁর আর বাড়ি ফেরা হয়নি। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টে মৃত্যু হয়েছে তাঁর। ভূমিকের দেহ সমাহিত করা হয়েছে হাসান জেলায়, তাঁদের গ্রামের বাড়ির  কাছেই। সারা গ্রামে এখন শোকের আবহ। সেই শোক আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছেন ভূমিকের বাবা বি টি লক্ষ্মণ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ছেলের কবর আঁকড়ে শুয়ে রয়েছেন বাবা। বারবার সেই কবরে মাথা ঠুকছেন। আর বলছেন, ‘যে জমি ওর জন্য কিনেছিলাম, সেখানে এখন  ওর স্মৃতিসৌধ তৈরি হবে।’ 

Advertisement

অনেকেই তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে আসছেন। আর তিনি কেবলই বলে চলেছেন, ‘আমাকে ছেড়ে দাও। আমি আর কোথাও যেতে চাই না। আমি এখানেই থাকতে চাই।’ সঙ্গে তাঁর বিলাপ— কোনও বাবাকে যেন আমার মতো দুঃখ পেতে না হয়। ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত বর্ষের ছাত্র ভূমিক বুধবার আরসিবির জয়ের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। তবে পদপিষ্ট হয়ে চলে গিয়েছেন না ফেরার দেশে। এরপরে সরকারের কাছে তাঁর বাবার আর্জি ছিল, ছেলের দেহ যেন কাটাছেঁড়া করা না হয়। সাংবাদিকদের তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী হয়তো আমাদের বাড়ি আসবেন। তবে ছেলেকে ফেরাতে পারবেন না।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ