নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এবার সুজিত বসু ছাড়া দুর্গাপুজো শ্রীভূমির। রাজ্যে পালাবদলের পর জেলে যান সুজিত। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী এখনও রয়েছেন সংশোধনাগারে। এবছর শ্রীভূমির নতুন কমিটি থেকে বাদও পড়েছেন তিনি। এই আবহে শ্রীভূমির পুজো নিয়ে সুজিত বসুর প্রশংসা শোনা গেল বিজেপি নেতা ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের মুখে। তিনি বলেছেন, ‘শ্রীভূমির পুজোকে অন্য লেভেলের মান্যতা দিয়েছিলেন উনি। তাঁকে কুর্নিশ জানাই।’ বোধনের আগে বিজেপি মন্ত্রীর মুখে তৃণমূল নেতার প্রশংসা শুনে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন।
অন্যান্যবার মহালয়ার দিন শ্রীভূমির পুজোর উদ্বোধন হয়ে যেত। তা নিয়ে বিতর্ক হত। তবে উদ্বোধন শব্দটি না বলে বলা হত ‘উৎসব উৎসারিত সূচনা’। শ্রীভূমি দিয়েই পুজোর উদ্বোধন শুরু করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালাবদলের পর সুজিত বসু গ্রেপ্তার হওয়ায় কমিটি থেকে বাদ পড়েন। উল্টোদিকে ক্লাব শুরুর সময় যাঁরা ছিলেন, সেই পুরনো মানুষরা এখন শ্রীভূমির দায়িত্বে রয়েছেন। সোমবার এই ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছিল। সেখানে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী প্রশংসা করে বসেন সুজিতের। মন্ত্রী বলেন, ‘পালাবদলের সঙ্গে পুজোর কর্তাব্যক্তি বদলে যায়। ক্লাব বদলে যায়। সংগঠনও বদলে যায়। আমি কোনো সময় বদলাতে বলিনি। আপনাদের এখানকার মাননীয় প্রাক্তন বিধায়ক সুজিত বসু মহাশয় এই ক্লাবকে অনেক মান্যতা দিয়েছেন। তাঁর কাছে কিন্তু শ্রীভূমি মানে সবাই। আজকে যদি কেউ মনে করে, উনি নেই বলে যা করেছেন তা খারাপ। সেটা কিন্তু একদমই নয়। ওঁর মতো পারব কি না জানি না। কারণ ওঁর মতো অ্যাক্টিভলি পুজো করার ক্ষমতা আমার নেই। ওঁর সেই সাংগঠনিক ক্ষমতা ছিল। আমি কোনোদিন তা নিয়ে কটূক্তি করব না। এই জন্য তাঁকে আজও বিরোধীপক্ষ হয়েও কুর্নিশ জানাব। শ্রীভূমির পুজোকে উনি অন্য লেভেলের মান্যতা দিয়েছেন। তার জন্য আমিও খুশি। শ্রীভূমির জন্য সারা কলকাতা শহরে, বিধাননগরের বাসিন্দা এবং সমগ্র পশ্চিমবঙ্গ গর্বিত।’