Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

‘কোহলিকে ছোঁয়ার স্বপ্ন ছিল বলে রেলিং টপকাই’

স্বপ্নকে বাস্তবের রূপ দিতে গিয়েছিলেন। তার মাশুলও গুনতে হল। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইডেনের রেলিং পেরিয়ে কিং-কোহলির পা স্পর্শ করে মাত্র ১৮ বছর বয়সেই শ্রীঘর বন্দি হলেন ফ্যানবয়।

‘কোহলিকে ছোঁয়ার স্বপ্ন ছিল বলে রেলিং টপকাই’
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বপ্নকে বাস্তবের রূপ দিতে গিয়েছিলেন। তার মাশুলও গুনতে হল। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইডেনের রেলিং পেরিয়ে কিং-কোহলির পা স্পর্শ করে মাত্র ১৮ বছর বয়সেই শ্রীঘর বন্দি হলেন ফ্যানবয়। শনিবার রাতেই তাঁকে গ্রেপ্তার করে ময়দান থানা। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ঋতুপর্ণ পাখিরা। পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা তিনি। রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়। বিচারকের সামনে দৃপ্তকণ্ঠে ঋতুপর্ণের দাবি, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন বিরাট কোহলিকে ছোঁয়ার। তাই করেছি। আমার স্বপ্ন পূর্ণ হয়েছে।’ পরিবর্তে বিচারকের জবাব, ‘এরকম না করে তোমার কোহলির মতো হওয়ায় উচিত।’

Advertisement

শনিবার ছিল ১৮তম আইপিএলের উদ্বোধনী ম্যাচ। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে সেই ম্যাচে কলকাতার মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেজমাস্টার বিরাট কোহলি তখন একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন। আচমকাই প্রহরারত পুলিসের পিছন দিয়ে লোহার রেলিং টপকায় ঝাঁকড়া চুলের এক যুবক। মুঠোফোনে সেই দৃশ্য বন্দি করেন অনেক দর্শকই। এরপরেই মাঠের ধারে লাগানো বিজ্ঞাপনের ডিজিটাল ডিসপ্লে টপকে একছুট দেয় ঋতুপর্ণ। সোজা বিরাট কোহলির পায়ের সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম ভারতের অন্যতম সেরা ব্যাটারকে। ততক্ষণে নিরাপত্তারক্ষীরা জমায়েত হয়ে গিয়েছেন মাঠের ভিতরে। বর্ধমানের যুবককে আটক করে আনা হয়। মাঠ থেকে সরাসরি তাঁকে নিয়ে যাওয়া হয় ময়দান থানায়। কলকাতা পুলিসের ডেপুটি কমিশনার (সাউথ) প্রিয়ব্রত রায় বলেন, অভিযুক্ত যুবক ইডেনের ‘জি’ ব্লকে কর্মরত এক পুলিস কর্মীকে ধাক্কা মেরে রেলিং টপকান। মাঠের ভিতর ঢুকে খেলোয়াড়দের নিরাপত্তায়ও বিঘ্ন ঘটান তিনি। মাঠে অনুপ্রবেশের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন এজলাসে শুনানির পর বিরাট কোহলির ওই ফ্যানবয়কে একদিনের জন্য পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে, আজ সোমবার ফের তাঁকে আদালতে পেশ করা হবে। ছবি: সমাজমাধ্যম সৌজন্যে।

Advertisement
সম্পর্কিত সংবাদ