মুম্বই: ১৯৩০ সালের অ্যাসেজে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৭৪ রান করেছিলেন ডোনাল্ড ব্র্যাডম্যান। এক সিরিজে সর্বাধিক রানের রেকর্ড ভাঙার আশা জাগিয়েছেন শুভমান গিল। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির প্রথম দুই টেস্টেই ৫৮৫ রান করে ফেলেছেন ২৫ বছর বয়সি ভারত অধিনায়ক। ডনের রেকর্ড থেকে এই মুহূর্তে ৩৯০ রান পিছনে তিনি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার আশাবাদী যে, পাঁচ টেস্টের সিরিজে গিলের ব্যাটে লেখা হবে নতুন রেকর্ড। তাঁর কথায়, ‘দুর্দান্ত ফর্মে রয়েছে শুভমান। ও সত্যিই অসাধারণ ব্যাটসম্যান। আশা করছি, এক সিরিজে সর্বাধিক রানের রেকর্ড টপকে যাবে। ওর সামনে দারুণ সুযোগ রয়েছে। সম্প্রতি যে মেজাজে ব্যাট করছে, তাতে নতুন রেকর্ড না গড়ার কোনও কারণ নেই।’



