Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ফল খারাপের কারণে কলকাতা গিয়ে মাথা নিচু করে থাকতে হয়’, আক্ষেপের সুর গৌতমের গলায়

লোকসভা ও বিধানসভা নির্বাচনে বারবার শিলিগুড়ি থেকে তৃণমূলের ভরাডুবি হয়েছে। একাধিকবার নেতৃত্ব পরিবর্তন করেও এই ফলাফলের কোনও পরিবর্তন হয়নি।

‘ফল খারাপের কারণে কলকাতা গিয়ে মাথা নিচু করে থাকতে হয়’, আক্ষেপের সুর গৌতমের গলায়
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: লোকসভা ও বিধানসভা নির্বাচনে বারবার শিলিগুড়ি থেকে তৃণমূলের ভরাডুবি হয়েছে। একাধিকবার নেতৃত্ব পরিবর্তন করেও এই ফলাফলের কোনও পরিবর্তন হয়নি। রাজনৈতিক মহলের এই দাবি যে একেবারেই ফেলে দেওয়ার মতো নয় তা কার্যত স্বীকার করলেন শিলিগুড়ির মেয়র তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য গৌতম দেব। তাঁর দাবি, কলকাতা গিয়ে অন্যান্য জেলার নেতাদের সামনে মাথা নিচু করে থাকতে হয় এই জেলার নেতাদের। এমনকী জোর গলায় নিজেদের দাবিদাওয়া সকলের সামনে তুলে ধরতেও সমস্যা হয়। শনিবার মহিলা কর্মীদের নিয়ে হওয়া সভায় এমনই দাবি করলেন শিলিগুড়ির মেয়র। আগামী ৩০ আগস্ট কলকাতায় সাংসদ অভিষেকের সঙ্গে বৈঠক রয়েছে শিলিগুড়ির নেতাদের। তার আগে এদিনের সভায় প্রত্যেককে আরও বেশি সংগঠিত হয়ে নির্বাচনের লড়াইয়ের নামার নির্দেশ দিলেন গৌতম দেব।

Advertisement

শনিবার শহরের বর্ধমান রোডের একটি ভবনে মহিলা কর্মীদের নিয়ে তৃণমূলের সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও জেলার কোর কমিটির সদস্য পাপিয়া ঘোষ  উপস্থিত ছিলেন। সেখানেই বক্তব্য দিতে গিয়ে গৌতম দেব দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সুযোগ সুবিধা শিলিগুড়ির জন্য দিয়েছেন। মহিলাদের জন্য নানা প্রকল্পে সুযোগ সুবিধা করে দিয়েছেন। কন্যাশ্রী থেকে রূপশ্রী সব প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে। তবে কলকাতায় গিয়ে শীর্ষ নেতৃত্বদের সামনে মাথা নিচু করে দাঁড়াতে হয়। তিনি বলেন, বারবার লোকসভা ও বিধানসভার নির্বাচনে খারাপ ফলাফলের ফলে এই অবস্থা আমাদের হয়। আগামী নির্বাচনের আগে তাই কোমর বেঁধে প্রত্যেককে লড়াইয়ের ময়দানে থাকতে হবে।

সম্পর্কিত সংবাদ