নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্কে উত্তাল ক্রিকেট মহল। কেউ বলছেন ঠিক করেছেন সূর্যকুমার যাদব। কেউ আবার স্পোর্টসম্যান স্পিরিটের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন। তবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন। তিনি বলেছেন, ‘এই ব্যাপারে সূর্যকুমার যাদবই ভালো বলতে পারবে।’ তবে আগের মতো এবারও ভারত-পাকিস্তান ক্রিকেট হওয়ার পক্ষেই মত দিলেন মহারাজ। তিনি বলেন, ‘পহেলগাঁওয়ের ঘটনা খুবই হৃদয়বিদারক। সন্ত্রাস সর্বত্রই বন্ধ হওয়া দরকার। তবে তার জন্য খেলা বন্ধ রাখা ঠিক নয়।’
সোমবার শহরে এক অনুষ্ঠানে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে জানতে চাওয়া হলে সৌরভ বলেন, ‘পাকিস্তান তো কখনওই ম্যাচের মধ্যে ছিল না। ১৫ ওভারের পর চ্যানেল ঘুরিয়ে ম্যান ইউ ও ম্যান সিটির ম্যাচ দেখছিলাম। এখন ভারত-পাকিস্তান নিয়ে যতটা হাইপ তৈরি হয়, ম্যাচে সেই মতো পারফরম্যান্স দেখা যায় না। পাকিস্তান দলটা খুবই দুর্বল। ভারত অনেক শক্তিশালী। আমার তো মনে হয়, পাকিস্তানের থেকে শ্রীলঙ্কা, আফগানিস্তানও এগিয়ে। আমরা ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রামদের পাকিস্তানের বিরুদ্ধে খেলেছি। এখনকার পাকিস্তান দলকে দেখে দুঃখ হয়। ভারতের সঙ্গে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারে না ওরা। এর চেয়ে ভারত-আফগানিস্তান ম্যাচও আশা করি ভালো হবে।’ উল্লেখ্য, গ্রুপের ম্যাচে সূর্যকুমাররা দাপটের সঙ্গে পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে।