নয়াদিল্লি: ‘আমি ফয়জল করিম মাসুদ। এখন দুবাইতে আছি। স্পষ্টভাবে একটা কথা বলতে চাই। আমি ওসমান হাদির খুনে জড়িত নই। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। পুরোটাই ষড়যন্ত্র। আসলে ছাত্রনেতা হাদি জামাতের প্রোডাক্ট। তাঁকে হত্যা করেছে জামাতেরই লোকজন।’ বুধবার সামনে এল এমনই এক চাঞ্চল্যকর ভিডিয়োবার্তা। যুবনেতা হাদির মৃত্যু ঘিরে গত কয়েকদিন ধরে তোলপাড় বাংলাদেশ। দিনকয়েক আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে দাবি করা হয়, হাদির হত্যাকারী ফয়জল করিম মাসুদ ও আলমগীর শেখ মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। যদিও তা নস্যাৎ করে দেয় মেঘালয় পুলিশ ও বিএসএফ। এনিয়ে বাংলাদেশের তরফে বিভ্রান্তিকর দাবি তোলা হচ্ছিল। এরই মধ্যে এদিন সামনে এল ফয়জলের ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি বর্তমান)।



