নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতে মোট ৬০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে হুন্ডাই মোটর ইন্ডিয়া। এদেশে ব্যবসা করার ২৯ বছর পূর্তিতে জানাল এই সংস্থা। এদেশ থেকে এখনও পর্যন্ত উৎপাদিত ১ কোটি ২৭ লক্ষের বেশি গাড়ি বিক্রি করেছে তারা। এর মধ্যে রপ্তানি করা হয়েছে ৩৭ লক্ষের বেশি গাড়ি। সেগুলি পাড়ি দিয়েছে দেড়শোর বেশি দেশে। সম্প্রতি তামিলনাড়ুর কারখানাটির সম্প্রসারণে তারা দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে বলে দাবি করেছে হুন্ডাই মোটর ইন্ডিয়া। পাশাপাশি মহারাষ্ট্রের কারখানাটিতে যাতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে উৎপাদন শুরু হয়, তার দিকেও নজর দিচ্ছে তারা। সংস্থার এমডি আনসু কিম বলেন, আগামী দিনেও আমরা আরও উন্নত প্রযুক্তির গাড়ি আনব, ক্রেতাদের সঙ্গে গভীর সংযোগ বজায় রাখব এবং আরও সুষ্ঠু পরিষেবা দিয়ে যাব।



