Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চাঁচলে রান্না না করায় বিবাদ, স্ত্রীর গলা টিপে খুন স্বামীর

চাঁচলে রান্না না করায় বিবাদ, স্ত্রীর গলা টিপে খুন স্বামীর
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: দাম্পত্য বিবাদের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।  মালদহের চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে সোমবার গভীর রাতে স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেন নওয়াজ শরিফ। মৃতার নাম নাজেদা পারভিন (২৮)। অভিযুক্ত স্বামীকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিস।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে খবর, ১০ বছর আগে একই গ্রামের বাসিন্দা নাজেদা ও নওয়াজের বিয়ে হয়। দুই নাবালক পুত্র সন্তান রয়েছে তাঁদের। নওয়াজ দিনমজুরের কাজ করতেন। সংসারে অনটনের জেরে নওয়াজ মাঝেমধ্যেই স্ত্রীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ। সোমবার সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে যান নাজেদা। সন্ধ্যায় ফেরার পর থেকে দফায় দফায় রাত পর্যন্ত বচসা চলতে থাকে স্বামীর সঙ্গে। 
জেরায় নওয়াজ স্বীকার করেছেন রাতে স্ত্রীর সঙ্গে বচসা শুরু হলে মারধর করে গলা টিপে ধরেছিলেন। সেই সময় নাজেদা নিস্তেজ হয়ে পড়েন। তাঁর মৃত্যু হয়েছে টের পেয়ে বিষয়টি নওয়াজ গোপন করার চেষ্টা করেন বলে অনুমান পুলিসের। স্ত্রী রাতে রান্না না করায় এই বিবাদ বলে জেরায় জানিয়েছেন নওয়াজ। ঘটনার পরে গভীর রাতেই লোকমুখে খবর পেয়ে মেয়ের বাড়িতে ছুটে যান মৃতার বাবা নুরুল ইসলাম। তিনি বিছানায় মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। মৃতের গলায় কালশিটে ছিল বলেও জানিয়েছেন তিনি। বাবার দাবি, জামাই প্রথমে অসুস্থতার নাম করে মৃত্যুর ঘটনা এড়িয়ে যাচ্ছিলেন। নুরুল বলেন, দীর্ঘদিন মেয়ে অত্যাচার সহ্য করছে। সংসার বাঁচানোর জন্য সবকিছু মেনে নিয়েছিল। জামাই দিনমজুর হওয়ায় জমি কিনে বাড়ি করে দিয়েছিলাম। চাহিদা মতো বহুবার আর্থিক সহায়তাও করেছি। আমার মেয়েকে শেষ পর্যন্ত মেরেই ফেলল। জামাইয়ের কঠোর শাস্তি চাই।
মৃতার দাদা সাবির আলির অভিযোগ, এর পিছনে বড় কোনও কারণ আছে। বোনের স্বামী হয়তো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। পুলিস জানিয়েছে, স্বামী ও শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ হয়েছে।  অভিযুক্তের বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। চাঁচল থানার এক আধিকারিক বলেন, জেরায় মৃতের স্বামী খুনের কথা স্বীকার করেছেন। বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে। খুনের মোটিভ কী, তা জানতে হেফাজতে নেওয়া হবে অভিযুক্তকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ