সংবাদদাতা কালনা: মর্মান্তিক ঘটনা। পূর্ব বর্ধমান জেলার কালনা অকাল পৌষ গ্রামে স্ত্রীকে গলা টিপে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। মৃত দুইজনের নাম সুরজিৎ রানা (৪০) প্রিয়া রানা (২৬)। শক্তিগড় থানার বামুনপাড়ার বাসিন্দা তাঁরা। ঘটনাটি ঘটেছে কালনা থানার অকালপৌষ গ্রামে প্রিয়া রানা বাপের বাড়িতে। ঘরে বিছানা থেকে উদ্ধার হয় প্রিয়ার দেহ। পাশাপাশি ঘরের মধ্যে থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় সুরজিৎ এর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান পারিবারিক অশান্তির কারণেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে সুরজিৎ। পরে নিজে আত্মঘাতী হয়েছে সে।
জানা গিয়েছে, দিন পনেরো আগে প্রিয়া তার স্বামী সুরোজিতের সঙ্গে বাপের বাড়িতে এসেছিলেন। এরপর দুর্গাপূজা উপলক্ষে প্রিয়ার ভাইয়ের সঙ্গে ঢাক বাজাতে যায় সুরজিৎ। পুজো শেষে গতকাল দুপুরের দিকে সুরজিৎ শ্বশুরবাড়িতে ফিরে আসে। বিকেল থেকে স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয়। এরপর রাতে ছয় বছরের কন্যা কে নিয়ে তিনজন একসঙ্গে ঘুমোতে যায়। আজ শুক্রবার সকালে প্রিয়ার মা তাদের ডাকতে গিয়ে দেখেন বিছানায় মেয়ের নিথর দেহ পড়ে আছে ও জামাই সুরজিৎ গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারী দল।



