Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাতুড়ি মেরে স্ত্রীকে খুন স্বামীর, ঘটনার পুনর্নির্মাণ করল পুলিস

এক গৃহবধূ খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিস। ২৮ মার্চ মিনাখাঁর ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের দেবীতলার কাহারপাড়া এলাকায় একটি ধানচাষের জমি থেকে রক্তাক্ত এক বধূর মৃতদেহ উদ্ধার করেছিল মিনাখাঁ থানার পুলিস।

হাতুড়ি মেরে স্ত্রীকে খুন স্বামীর, ঘটনার পুনর্নির্মাণ করল পুলিস
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: এক গৃহবধূ খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিস। ২৮ মার্চ মিনাখাঁর ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের দেবীতলার কাহারপাড়া এলাকায় একটি ধানচাষের জমি থেকে রক্তাক্ত এক বধূর মৃতদেহ উদ্ধার করেছিল মিনাখাঁ থানার পুলিস। তদন্তে পুলিস জানতে পারে, ওই বধূর নাম রিজিয়া খাতুন। তাঁর বাড়ি বসিরহাটের ব্যাঙপুকুরিয়া এলাকায়। স্বামী পরিত্যক্তা ওই মহিলা বাপের বাড়িতেই থাকতেন এবং পরিচারিকার কাজ করতেন। ঘটনার তদন্তে নেমে মাটিয়ার উত্তরঘোনা এলাকার বাসিন্দা সিরাজ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিস। পরে তাঁকে আদালতের মাধ্যমে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে তারা।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বছর সিরাজ মণ্ডল নামে ওই ব্যক্তির সঙ্গে রিজিয়ার পরিচয় হয়। তারপর রিজিয়াকে বিয়েও করেন সিরাজ। কিন্তু এটা ছিল সিরাজের দ্বিতীয় বিয়ে। ফলে সিরাজের প্রথম স্ত্রীর সঙ্গে রিজিয়ার তীব্র গোলমাল এবং ঝামেলা শুরু হয়। এরপর সিরাজ বসিরহাট থেকে রিজিয়াকে মোটরবাইকে করে নিয়ে আসেন মিনাখাঁ কাহারপাড়ায়। গল্প করার নাম করে তিনি রিজিয়াকে একটি ধানজমির মধ্যে নিয়ে যান। সেখানেই তাঁকে মাথায় হাতুড়ি দিয়ে একাধিকবার আঘাত করে খুন করেন।
পুলিস সিরাজ মণ্ডলকে কাহারপাড়ায় নিয়ে যায় এই ঘটনার পুনর্নির্মাণ করার জন্যই। মোটরবাইকে করে রিজিয়াকে কোথায় নিয়ে আসেন সিরাজ, কোন জায়গায় বসে তাঁরা গল্প করেন, তারপরে কোন জায়গায় হাতুড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন– তা দেখিয়ে দেন সিরাজ। রিজিয়াকে যে হাতুড়ি দিয়ে খুন করা হয়, সেটিও পুলিস উদ্ধার করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ