Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রুটের শতরান, কোণঠাসা ভারত

ওল্ড ট্রাফোর্ডে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্টের শনিবার জো রুটের দেড়শো রানের ইনিংসের সুবাদে চালকের আসনে সেঞ্চুরিতে হোমটিম

রুটের শতরান, কোণঠাসা ভারত
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের দাপটে কোণঠাসা ভারত। ওল্ড ট্রাফোর্ডে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্টের শনিবার জো রুটের দেড়শো রানের ইনিংসের সুবাদে চালকের আসনে সেঞ্চুরিতে হোমটিম। দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ সংগ্রহ উইকেটে ৫৪৪ রান। ভারতের থেকে ১৮৬ রানে এগিয়ে স্টোকস বাহিনী। সমস্যা হল, টিম ইন্ডিয়ার বোলিং যশপ্রীত বুমরাহর উপস্থিতিতেও নির্বিষ দেখাচ্ছে। অবশ্য গোড়ালির সমস্যায় ভুগছেন তিনি। মহম্মদ সিরাজেরও একই অবস্থা। পাশাপাশি, ক্যাপ্টেন শুভমান গিলকে বিভ্রান্ত দেখাচ্ছে। ‘প্ল্যান বি’ বলে কিছুই নেই। বোঝাই যাচ্ছে, অধিনায়ক হিসেবে তাঁর মধুচন্দ্রিমার দিন শেষ। দ্বিতীয় সেশনে কোচ গৌতম গম্ভীর যেভাবে তাঁকে ড্রেসিং-রুমে ডেকে পাঠালেন, তাতে অনাস্থাই স্পষ্ট। ভারতীয় ক্রিকেটের পক্ষে যা মোটেই ভালো বিজ্ঞাপন নয়।

Advertisement

শুক্রবার দুই উইকেটে ২২৫ নিয়ে শুরু করেছিল ইংল্যান্ড। সকালের সেশনে কোনও উইকেট পড়েনি। ক্রমশ হতাশা ধরে পড়ে ভারতীয়দের শরীরী ভাষায়। অন্যদিকে, কেরিয়ারের ৩৮তম টেস্ট শতরান পূর্ণ করেন জো রুট। পাঁচদিনের ফরম্যাটে সর্বকালীন রানসংগ্রহের তালিকায় শচীন তেন্ডুলকরের (১৫৯২১) পরে দু’নম্বরে উঠে এলেন তিনি। ৩৪ বছর বয়সি পিছনে ফেললেন রাহুল দ্রাবিড় (১৩২৮৮), জ্যাক কালিস (১৩২৮৯) ও রিকি পন্টিংকে (১৩৩৭৮)। ১৫৭তম টেস্টে রুটের রান এখন ১৩৪০৯। শচীনের থেকে দূরত্ব আর ২৫১২ রানের। 
এদিন লাঞ্চের পর ইংল্যান্ডের দুটো উইকেট পড়ে। ওলি পোপ ও হ্যারি ব্রুক— দু’জনকেই ফেরান ওয়াশিংটন সুন্দর। অথচ, ৬৮ ওভার পর্যন্ত তাঁকে বলই দেওয়া হয়নি। বৃহস্পতিবার বাঁ-হাতি ওপেনার বেন ডাকেট যখন তান্ডব করছেন, তখন কেন যে তাঁর কথা মনে পড়েনি গিলের, তিনিই জানেন। ওল্ড ট্রাফোর্ডে ভারতীয় দলের কঙ্কালসার দশা বেরিয়ে পড়ল। ব্যাটিংয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠেছে সাড়ে তিনশো। আর বোলাররা সামান্যতম প্রভাবও ফেলেননি। বুমরাহ নিজের ছায়াও নন। পড়ন্তবেলায় উইকেট পেলেন তিনি। তাঁর মতো সিরাজও গোড়ালির সমস্যায় ভুগলেন। নবাগত আংশুল কম্বোজ সাদামাটা। আর শার্দূল ঠাকুর তো একেবারেই ক্লাবস্তরের। দ্বিতীয় নতুন বলে বুমরাহকে ব্যবহার করতে না পারাও চাপে ফেলল ভারতকে। আর তাই রুটের সঙ্গে জুটিতে মনের সুখে রান করে গেলেন পোপ, স্টোকসরা। একসময় মনে হচ্ছিল, রুট ডাবল সেঞ্চুরি করবেন। কিন্তু জাদেজার বলে স্টাম্পড হন তিনি। ২৪৮ বলে ১৪টা বাউন্ডারিতে সাজানো এই ইনিংস অবশ্য মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। তার আগে বাঁ পায়ের পেশিতে টানের জন্য উঠে যান স্টোকস। আন্তর্জাতিক কেরিয়ারে এই প্রথম রিটায়ার্ড হার্ট হলেন ইংল্যান্ড ক্যাপ্টেন। পরে অবশ্য ফের ক্রিজে ফেরত আসেন তিনি। তবে তাঁর দল এদিন বেপরোয়া বাজবল খেলেনি। আসলে ভারতীয়দের ম্যাচে ফেরার কোনও সুযোগই দিতে চাননি স্টোকসরা। তাই বড় রানের বোঝা গিলদের ঘাড়ে চাপানোই লক্ষ্য।
স্কোরবোর্ড: ভারত প্রথম ইনিংস ৩৫৮। ইংল্যান্ড প্রথম ইনিংসে (২২৫-২ এর পর)- পোপ ক রাহুল বো সুন্দর ৭১, রুট স্টাঃ পরিবর্ত (জুরেল) বো জাদেজা ১৫০, ব্রুক স্টাঃ পরিবর্ত (জুরেল) বো সুন্দর ৩, স্টোকস ব্যাটিং ৭৭, স্মিথ ক পরিবর্ত (জুরেল) বো বুমরাহ ৯,  ডসন ব্যাটিং ৯, ওকস বো সিরাজ ৪, অতিরিক্ত ৩১ , মোট (১৩৫ ওভারে) ৫৪৪-৭। উইকেট পতন: ১-১৬৬, ২-১৯৭, ৩-৩৪১, ৪-৩৪৯, ৫-৪৯৯, ৬-৫১৫, ৭-৫২৮। বোলিং: বুমরাহ ২৪-৫-৯৫-১, কম্বোজ ১৮-১-৮৯-১, সিরাজ ২৬-৪-১১৩-১, শার্দূল ১১-০-৫৫-০, জাদেজা ৩৩-০-১১৭-২, সুন্দর ১৯-৪-৫৭-২।                                                           

Advertisement
সম্পর্কিত সংবাদ