সংবাদদাতা, মানিকচক: নারায়ণপুর চরে ভিটেমাটি হারিয়ে তিনবছর ধরে মানিকচকের গঙ্গার ধারে বহু পরিবার বসবাস করলেও প্রশাসন পুনর্বাসনের কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটির সদস্যদের নিয়ে মানিকচক ব্লক অফিসে বিক্ষোভ দেখাল মানিকচক ঘাটের নদী পাড়ের শতাধিক পরিবার। পরে বিডিও’র কাছে দাবিপত্র তুলে দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও অনুপ চক্রবর্তী।
মানিকচক ঘাট সংলগ্ন নদী তীরবর্তী এলাকায় শতাধিক পরিবারের বাস। প্রত্যেকেই নারায়ণপুর চরের বাসিন্দা। তিনবছর আগে নারায়ণপুর চরে ব্যাপক গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারিয়ে মানিকচকে আসতে বাধ্য হন তাঁরা। প্রশাসন গঙ্গার ধারে অস্থায়ীভাবে তাঁদের বসবাসের ব্যবস্থা করে। পরে তাঁদের পুনর্বাসনেরও আশ্বাস দেওয়া হয়। কিন্তু আশ্বাসই সার! কাজের কাজ কিছু হয়নি। প্রতিবছর গঙ্গার জল বাড়লেই বাঁধে আশ্রয় নিতে হয় তাঁদের। জল কমলে আবার নদীর ধারে ফিরে যান। এভাবেই কার্যত চলছে তাঁদের জীবন। বধূ সরস্বতী চৌধুরী বলেন, আমাদের স্থায়ী বাসস্থান চাই। বারবার পুনর্বাসনের দাবি জানালেও পাচ্ছি না। গঙ্গার জল বাড়লেই আমাদের রাতের ঘুম উড়ে যায়। ভাঙনে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রাত জাগতে হয় আমাদের। দিনে শিশুদের পাহারা দিতে হয়।
শতাধিক অসহায় পরিবার এদিন বিডিও’র দ্বারস্থ হয়ে পাঁচদফা দাবি জানায়। কমিটির সদস্য বিপ্লব রায় বলেন, ভাঙন কবলিতদের স্থায়ী পুনর্বাসনের জন্য প্রশাসনকে বারবার ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এরপরও কোনও কাজ না হলে আমরা জেলা পর্যায়ে আন্দোলনে নামব। নিজস্ব চিত্র