Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জগন্নাথ মন্দির চত্বরে হিডকোর স্টল পেতে মিলল ব্যাপক সাড়া, বণ্টন হবে ৩৪টি, আবেদন জমা পড়ল ৫৬৪টি

দীঘায় জগন্নাথ মন্দিরে পুজোর সামগ্রী বিক্রির স্টল পেতে আবেদনের হিড়িক

জগন্নাথ মন্দির চত্বরে হিডকোর  স্টল পেতে মিলল ব্যাপক সাড়া, বণ্টন হবে ৩৪টি, আবেদন জমা পড়ল ৫৬৪টি
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: দীঘায় জগন্নাথ মন্দিরে পুজোর সামগ্রী বিক্রির স্টল পেতে আবেদনের হিড়িক। মন্দিরের পূর্ব দিকে ৬ নম্বর গেটের কাছে হিডকোর উদ্যোগে ৩৪টি স্টল তৈরি হয়েছে। নাম রাখা হয়েছে ‘ডালা আর্কেড’। পুজোর যাবতীয় সামগ্রী বিক্রি হবে এইসব স্টল থেকেই। সরকারি ওই স্টল পেতে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের অফিসে মোট ৫৬৪টি আবেদন জমা পড়েছে। জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, আমরা সব আবেদন হিডকো অফিসে পাঠিয়ে দিয়েছি। হিডকো থেকেই স্টল বন্টন করা হবে। স্টল বিলিতে জেলা প্রশাসনের কোনও হস্তক্ষেপ থাকছে না।

Advertisement

গত ৩০এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই প্রতিদিন হাজার হাজার ভক্ত সমাগম হচ্ছে। মন্দিরে ঢোকার জন্য ভক্তদের লাইন পড়ছে। জগন্নাথ দেবের নতুন আলয় ঘিরে ভক্তদের এই উন্মাদনা দেখে পুজোর সামগ্রী বিক্রির জন্য মন্দির সংলগ্ন সরকারি স্টল পেতে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই রামনগর, কাঁথি থেকে স্টল পাওয়ার জন্য তমলুকে গিয়ে জেলাশাসকের সঙ্গে সাক্ষাত করেন। রাজনৈতিক নেতারাও এ঩নিয়ে ব্যাপক সুপারিশ করছেন। আগ্রহীদের স্টল পাওয়ার জন্য সাদা কাগজে আবেদন করার নির্দেশ দেন জেলাশাসক। সেইমতো ৫৬৪টি আবেদন জমা পড়েছে।
মন্দির উদ্বোধনের সময় স্টল নির্মাণের কাজ পুরোদমে হচ্ছিল। এই মুহূর্তে স্টল নির্মাণের কাজ পুরোপুরি সম্পূর্ণ। গোড়ায় হিডকোর পক্ষ থেকে ওইসব স্টল বিলির জন্য জেলা প্রশাসনকে উদ্যোগী হতে বলা হয়েছিল। কিন্তু, জেলা প্রশাসন স্টল বিতরণের দায়িত্ব নিতে চায়নি। প্রশাসনের পক্ষ থেকে হিডকোকেই এই স্টল বিলি করতে আবেদন জানানো হয়। সেইমতো তারা ওইসব স্টল বিলির কাজ সম্পন্ন করবে।
স্টল পেতে ইচ্ছুকদের বক্তব্য, প্রতিদিনই দীঘা জগন্নাথ মন্দিরে বিপুল ভক্ত সমাগম হচ্ছে। তাঁদের অনেকেই মন্দিরে পুজো দিতে আসছেন। মন্দিরের কাছে সরকারি স্টল পুরোদমে চালু হলে এখান থেকেই ভক্তরা পুজোর সামগ্রী কিনবেন। একটি স্টল পাওয়ার অর্থ, সারা জীবনের মতো রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাওয়া। তাই এখানে স্টলের জন্য অনেকেই তদ্বির করছেন। কেউ কেউ নেতাদেরও শরণাপন্ন হচ্ছেন। যদিও কোনও সুপারিশ এখানে গ্রাহ্য হওয়ার সম্ভাবনা নেই। তারপরও অনেকে স্টল পাওয়ার জন্য সুপারিশপত্র জুড়েছেন।
দীঘা জগন্নাথ মন্দিরের প্রশাসনিক ও দৈনন্দিন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট(পিএমইউ) গড়া হয়েছে। অতিরিক্ত জেলাশাসক(ভূমি) বৈভব চৌধুরীকে ওই ইউনিটেব সিইও করা হয়েছে। এছাড়া, ডিএসডিএ-র নির্বাহী আধিকারিক ইউনিটে নির্বাহী আধিকারিক হয়েছেন। জানা গিয়েছে, ইস্কনের সঙ্গে যোগাযোগ, মন্দির পরিচ্ছন্ন রাখা, প্রণামী সংগ্রহ, চেকে সই সহ নানাভাবে মন্দিরের দৈনন্দিন কাজে কাজে গতি আনার জন্য‌ই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গড়া হয়েছে। 
জেলাশাসক বলেন, জগন্নাথ মন্দির লাগোয়া পুজোর সামগ্রী বিক্রির জন্য স্টল পাওয়ার জন্য ৫৬৪টি আবেদন জমা পড়েছে। আমরা সব আবেদন হিডকো অফিসে পাঠিয়েছি। স্টল বিলির কাজ আমরা নিজেদের এক্তিয়ারে রাখিনি। হিডকো অফিস থেকেই এই কাজ সম্পন্ন হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ