উত্তর ও দক্ষিণবঙ্গে আলুর দামে বিপুল ফারাক, হতাশ চাষিরা
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ধূপগুড়ি: দক্ষিণবঙ্গের বাজারে বাড়ছে আলুর দাম। অথচ উত্তরবঙ্গে উৎপাদিত আলুর দর সেই তুলনায় অনেকটাই কম। এক গাড়ি আলুর দামে ফারাক প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা! স্বাভাবিকভাবেই বাজারের এই বৈষম্যে হতাশ উত্তরবঙ্গের আলুচাষিরা। বিশেষ করে ধূপগুড়ি, ময়নাগুড়ি সহ আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিপুল পরিমাণে আলু উৎপাদিত হলেও দাম না মেলায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। 

Advertisement

ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, এক গাড়ি আলু অর্থাৎ ১০ টন আলু বর্তমানে দক্ষিণবঙ্গে  দাম প্রায় ৫০ হাজার টাকা উপরে। উত্তরবঙ্গে সেই একই পরিমাণ আলুর দাম ঘোরাফেরা করছে ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। অর্থাৎ এক গাড়ি আলুতে দাম কম পাচ্ছেন উত্তরবঙ্গের কৃষক ও ব্যবসায়ীরা ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। 
উত্তরবঙ্গের আলুর বাজারে এই মন্দার পিছনে চাহিদার তুলনায় জোগানকে দায়ী করছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, উত্তরবঙ্গে চাহিদার তুলনায় আলুর উৎপাদন অনেক বেশি। একসময় উত্তরবঙ্গের আলুর বড়ো বাজার ছিল উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য। কিন্তু, বর্তমানে সেই বাজারে উত্তরবঙ্গের আলুর সরবরাহ আগের মতো নেই। ফলে স্থানীয় বাজারে উৎপাদিত আলুর জোগান বেড়ে যাওয়ায় দাম ধরে রাখা কঠিন হচ্ছে। 
এই পরিস্থিতির জন্য ব্যবসায়ীদের একাংশ বিগত রাজ্য সরকারের আলু নীতিকে দায়ী করেছেন।  উত্তরবঙ্গের আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবলু চৌধুরী বলেন, দক্ষিণবঙ্গের আলু ও উত্তরবঙ্গের আলুর দামের মধ্যে সাধারণত প্রতি ৫০ কেজির বস্তায় প্রায় ১০-২০ টাকার পার্থক্য থাকে। কিন্তু, বর্তমানে সেই ব্যবধান অনেকটাই বেড়ে গিয়েছে। গত সপ্তাহেও দক্ষিণবঙ্গে এক গাড়ি আলুর দাম ছিল প্রায় ৫০ হাজার টাকা। অথচ উত্তরবঙ্গে সেই একই পরিমাণ আলুর দাম ছিল ৩০ থেকে ৩৫ হাজার টাকা। তিনি আরও বলেন, বিগত সরকার অসমে আলু যেতে দেয়নি। তারপরে অসম নিজেরা আলু চাষ করতে শুরু করে। তারা উত্তরপ্রদেশের আলু নিয়ে আসছে। এখন আর অসম আমাদের উৎপাদিত আলু নিতে চায় না।